ভোট কারসাজির গুঞ্জন দূর করতে হবে: রুহিন হোসেন প্রিন্স
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারসাজি হতে পারে বলে বাজারে গুঞ্জন শোনার কথা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এমন শঙ্কা দূর করতে নির্বাচন কমিশন ও সরকারকে দৃশ্যমান এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাতেই সব কেন্দ্রে ফলাফল ঘোষণার দাবি জানান তিনি।
আজ শনিবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর শহীদ মিনারে নেত্রকোনা-১ সংসদীয় আসনে সিপিবির প্রার্থী মো. আলকাছ উদ্দীন মীরের সমর্থনে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির সমালোচনা করে রুহিন হোসেন বলেন, এরা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। এরা নারীদের ঘরে বন্দী করে রাখতে চায়।
শেষ সময়ে বন্দর ইজারা দেওয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কচুক্তি থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে সিপিবির এই নেতা বলেন, আমেরিকার ‘গোলামি’ দেশবাসী মেনে নেবে না। জাতীয় স্বার্থবিরোধী চুক্তির সঙ্গে জড়িতদের একদিন গণ–আদালতে বিচার করা হবে।
নেত্রকোনা-১ আসনে সিপিবির প্রার্থী আলকাছ উদ্দীন মীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা দিবালোক সিংহ, নেত্রকোনা জেলা শাখার নেতা নলিনী সরকার, মোশতাক আহমেদ, মোরশেদ আলম। জনসভা শেষে ‘কাস্তে’ মার্কার সমর্থনে একটি মিছিল বের করা হয়।