স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা আন্তর্জাতিক রীতিতে পড়ে না: আহমদ আবদুল কাদের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। ১ মার্চ ২০২৬ছবি: খেলাফত মজলিসের সৌজন্যে

আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক রীতিনীতিবিরুদ্ধ। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের।

রোববার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব এসব কথা বলেন। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে দলটির ঢাকা মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ‘পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে, তা শান্তিকামী সব মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না।’

হামলার প্রতিবাদ জানিয়ে আহমদ আবদুল কাদের বলেন, ইরানের একটি স্কুলের শতাধিক শিশুকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মানবতাবিরোধী চরম অপরাধ সংঘটিত করেছে।

ইরানের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে খেলাফত মজলিসের মহাসচিব শান্তিকামী বিশ্বকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরব দেশের জনগণকে মার্কিন দখলদারত্ব এবং মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান।

খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।