লুটপাট করে সরকার দেশকে ফোকলা করে দিয়েছে: মির্জা ফখরুল
লুটপাট ও চুরি করে সরকার দেশকে ফোকলা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকের জ্বালানিসংকট, অর্থনৈতিক সংকট, বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুতের সংকট—সবকিছুর মূলে এই সরকারের দুর্নীতি।
সোমবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।
এই সরকার টিকেই আছে মানুষকে প্রতারণা করে—এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা দেখেছেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে তারা কীভাবে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তাদের নিজস্ব লোকজনকে মুনাফা পাইয়ে দিয়েছে। আজকে বাংলাদেশে যে অর্থনৈতিক সংকট, বাংলাদেশ যে দেউলিয়াত্বের দিকে যাচ্ছে, তার জন্য সম্পূর্ণ দায়ী এই আওয়ামী লীগ সরকার। এর জবাব তাদের দিতে হবে।’
সমাবেশে রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি কাগজ দেখিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ব্যুরোর হিসাব অনুযায়ী গত ৭ বছরে দেশ থেকে ২৭০ দশমিক ৮১ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব আছে ২৩৯ দশমিক ৯৬ মিলিয়ন ডলার। বাকি ৩০ দশমিক ৪০ মিলিয়ন ডলার কোথায় গেল? আজকে জাতি এটা জানতে চায়। এটা একটা বিরাট শুভংকরের ফাঁকি, বিরাট ডাকাতি, বিরাট লুটের একটা চিত্র।’
১১ আগস্ট নয়াপল্টনে সমাবেশ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং এবং সব পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশে দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ১১ আগস্ট ঢাকায় নয়াপল্টনের কার্যালয়ের সামনে বেলা ২টায় প্রতিবাদ সমাবেশ হবে এবং ১২ আগস্ট সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদে সমাবেশ হবে। তিনি বলেন, ‘এরপরে আমরা আরও বৃহত্তর কর্মসূচির দিকে এগিয়ে যাব এবং এই ভয়াবহ দানবীয় সরকারের পতন ত্বরান্বিত করব।’
‘আমাদের সীমানা আটকে গেছে’
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমাদের সীমানা আটকে গেছে—প্রেসক্লাব-বিএনপি অফিস। এর বাইরে যদি আমরা না যেতে পারি, তাহলে কখনোই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। আমাদের এর বাইরে বেরিয়ে আসতে হবে, মিছিলে নামতে হবে, হরতালে যেতে হবে, অবরোধে যেতে হবে, তাহলে সরকারের পতন ঘটবে।’
স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কর্মসূচিতে আমরা যদি হার্ডলাইনে না যাই, সরকারকে আমাদের শক্তি প্রদর্শন না করি, তাহলে সরকার সরকারের জায়গায় থাকবে। আর আমরা জনসভা করব, অগণিত মামলায় জর্জরিত হব। কিন্তু আমরা সরকার পতন ঘটাতে পারব না।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি এখনো মনে করি, রাজপথে আন্দোলনে থাকার মতো শক্তি ও সাহস আমার আছে। আমরা কেউ কাপুরুষ নই। সে জন্য বলছি, আমাদের এই যে গণতান্ত্রিক যে কর্মসূচি, সে কর্মসূচি আমরা রাজপথে দিলে সরকারের বুক কেঁপে উঠবে। সেখানেই আমাদের যেতে হবে।’
যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, খায়রুল কবির, ফজলুল হক, আবদুস সালাম আজাদ, শহিদ উদ্দিন চৌধুরী, রফিকুল আলম, আমিনুল হক, ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া, কৃষক দলের শহিদুল ইসলাম, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম প্রমুখ।