পাল্টা কর্মসূচি উসকানি মনে করলেও শান্তিপূর্ণ থাকতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামীকাল সোমবারের মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবেই করতে চায় বিএনপি। এই বার্তা দলের নেতা–কর্মীদের দেওয়া হয়েছে। দলটির নেতারা বলছেন, বিএনপির কর্মসূচিকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করুক বা কোনো ধরনের সংঘাত হোক, সেটি তাঁরা চান না।

বিএনপির কর্মসূচির দিনে এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএনপি কোনোভাবেই উসকানিতে পা দেবে না। কর্মসূচি যাতে শতভাগ শান্তিপূর্ণ হয়, সেটি দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে।

দলটির স্থায়ী কমিটির আরেকজন নেতা বলেছেন, আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে বিএনপিকে মূলত ভয় দেখাতে চায়। একই সঙ্গে বিএনপির মিছিল–সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়।

শান্তিপূর্ণ আন্দোলনে থাকবে বিএনপি

১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) দেশের সব মহানগর ও উপজেলা পর্যায়ে সমাবেশ ও মিছিল করবে বিএনপি। ১১ জানুয়ারি ঢাকায় বিএনপির গণ–অবস্থান থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিএনপি সূত্র জানায়, সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ হবে। এরপর নেতা–কর্মীরা মিছিল বের করবেন।

গত ডিসেম্বর থেকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। বিএনপির নেতৃত্বে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে ১২ দল এবং ১১–দলীয় জোটও রয়েছে। গত ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মাধ্যমে যুগপৎ আন্দোলনের সূচনা হয়। এরপর ১১ জানুয়ারি গণ–অবস্থান ছিল যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি। বিরোধী দলগুলোর ওই দুই কর্মসূচিতে ঢাকায় পাল্টা সমাবেশ করে শক্তি দেখিয়েছে আওয়ামী লীগ।

শান্তিপূর্ণ আন্দোলনে থাকবে বিএনপি

গতকাল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে দলে মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, যত অত্যাচার, নির্যাতন–নিপীড়নই আসুক না কেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাবে বিএনপি। শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই সরকারকে পরাজিত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

সরকারবিরোধী চলমান আন্দোলনে নিহত হওয়া বিএনপির তিন কর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিহত তিন নেতা–কর্মী হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়নাদীঘি ইউনিয়ন বিএনপি নেতা আবদুর রশিদ, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া ও রাজধানীর পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মকবুল হোসেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, গত ২২ আগস্ট থেকে শুরু হওয়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে ১৫ জন নিহত হয়েছেন, তাঁরা কেউ পালাতে গিয়ে নিহত হননি। তাঁরা সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে চলে গেছেন। এটা সব সহকর্মীকে উজ্জীবিত করেছে। আরও ত্যাগ স্বীকার করার জন্য সহকর্মীরা শপথ নিয়েছেন।

বড় কিছু অর্জন করতে হলে বিসর্জন দিতে হয়, আত্মত্যাগ করতে হয় ও প্রাণ দিতে হয় বলেও উল্লেখ করে মির্জা ফখরুল। তিনি বলেন, সব অর্জন তছনছ হয়ে যাচ্ছে। কেউ শান্তিতে নেই।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত নেতা–কর্মীদের স্বজনদের পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রমুখ।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ৯ দিনের কর্মসূচি বিএনপির

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্যে ১৯ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হবে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে বিএনপি।

গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, সেই চেতনাকে তারা বেমালুম গিলে খেয়ে ফেলেছে। গত ১৫ বছরে তারা (আওয়ামী লীগ) অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন, হত্যা ও গুমের রাজনীতির মধ্য দিয়ে আবারও বিভক্তির রাজনীতির সূচনা করে একদলীয় দুঃশাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ, সদস্যসচিব আমিনুল হক প্রমুখ।

অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মন্ত্রীদের বক্তব্যের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এঁদের কথার উত্তর দেওয়ার মতো রুচি আজকে আমার নেই। মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যাচার রুচিতে বাধে আমাদের।’