সংসদ নির্বাচন নিয়ে ইসির রূপরেখা বাপের তালুকদারি: মির্জা আব্বাস
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কর্মপরিকল্পনা প্রকাশকে বাপের তালুকদারি বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন, ‘জানুয়ারির (২০২৪ সালের) প্রথম সপ্তাহে জাতীয় সংসদের ভোট নেওয়া হবে। তিনি বাপের তালুকদারি পেয়েছেন যে ভোট হয়ে গেল? আর আমরা বাংলাদেশের গণতন্ত্রের মানুষ বসে থাকব?’
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন। সম্মিলিত ছাত্র যুব ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা আব্বাস বলেন, ‘জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার। আমার প্রশ্ন হলো, এই নির্বাচন কমিশনার কোথা থেকে এসেছেন। কে তাঁকে নিয়োগ দিয়েছে। অবৈধ সরকার, রাতের অন্ধকারের সরকার, নিশিরাতের ভোট ডাকাত, যাঁকে নিয়োগ দিয়েছে; সেই নির্বাচন কমিশন অবৈধ।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘এই লোকটা ভাবতে পারছেন না, বিশ্বের বুকে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকত। যদি ইতিহাস পাল্টে তিনি বলতেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া ভোট করব না। যদি সঠিকভাবে ভোট করতে না পারি, আমি থাকব না। যদি পদত্যাগ করতেন, তাহলে বাংলাদেশে অনেক ওপরে তাঁর নাম থাকত।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, রাজনৈতিক সমাধান ছাড়া জাতীয় নির্বাচন করা যাবে না। এই সমাধান ছাড়া সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হলে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলন–সংগ্রামের হুমকি দেন তিনি।
আবদুস সালাম বলেন, সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না, আওয়ামী লীগ গণতন্ত্র ছিনিয়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগের রোডম্যাপ বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা দিয়েছে, সেটা এই জাতি মানবে না। তিনি বলেন, ‘পরিষ্কার কথা, দেশের অধিকাংশ রাজনৈতিক দল আওয়ামী লীগের অধীনে নির্বাচন চায় না। আপনি (নির্বাচন কমিশনার) জোর করে যদি আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য নির্বাচনের ব্যবস্থা করেন, বাংলাদেশে কোনো অঘটন ঘটে, সেটার জন্য দায়দায়িত্ব আপনাকেই নিতে হবে।’
আবদুস আরও সালাম বলেন, ‘গতবার আমরা নির্বাচন করেছিলাম। আগের নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন। তিনি সঠিক নির্বাচন দিতে পেরেছিল কি না? তখন আমাদের প্রতিপক্ষ হয়ে উঠেছিল প্রশাসন। আপনি তার কাছ থেকে জানেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কি না, কোনোভাবেই পারবেন না। তাই আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দায়িত্ব পালন করবেন না।’
সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী উপস্থিত ছিলেন।