প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার সংলাপে বসছে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বেলা একটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সংলাপ হবে।

সংলাপে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির তিন নেতা। অপর দুজন হলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।

প্রথম দল হিসেবে এনসিপির নেতারা আজ দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।

আজ বেলা একটায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদল আলোচনায় বসবে। প্রতিনিধিদলে থাকছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ।
সারোয়ার তুষার, এনসিপির যুগ্ম আহ্বায়ক

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকালে প্রথম আলোকে বলেন, আজ বেলা একটায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদল আলোচনায় বসবে। প্রতিনিধিদলে থাকছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন

আজকের সংলাপে এনসিপির পক্ষ থেকে কী বলা হবে, তা গতকাল রোববারই সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম। গতকাল সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তাঁরা মূলত শুনতে চাইবেন প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা তাঁকে (প্রধানমন্ত্রী) সাজেশন দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হব। সেটার প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়া।’

আরও পড়ুন
আরও পড়ুন