মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি: তথ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি চালু করার পরও বিএনপির কোনো শুভবুদ্ধির উদয় হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘তারা আগের মতো জ্বালাও-পোড়াও রাজনীতি, নির্বাচন প্রতিহত করা, বর্জন করার রাজনীতি থেকে সরে আসতে পারছে না। তবে তাদের সরে আসতেই হবে।’
আজ বুধবার দুপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভায় অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস এ আলোচনা সভার আয়োজন করে। তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রচারমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে এটা স্পষ্ট করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি তাদের কোনো সমর্থন নেই। একটি সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন হোক, সেটিই তারা চায় এবং যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেবে বা নির্বাচন প্রতিহত করবে, তাদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপিত হবে। কিন্তু এরপরও তাদের শুভবুদ্ধির উদয় হয়নি।
অপর দিকে সরকারের সব সময় শুভবুদ্ধি আছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, সরকার সব সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় এবং আমরা চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করুক। আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হোক এবং তার মাধ্যমে দেশের জনগণ আগামীর সরকার নির্বাচিত করুক। সেটিই সরকার চায়, সেটিই জননেত্রী শেখ হাসিনা চায়, সেটিই বাংলাদেশ আওয়ামী লীগ চায়।
এ সময় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও ইকবাল হাসান মাহমুদের (টুকু) বিচারের রায় উচ্চ আদালতে বহাল থাকা নিয়ে বিএনপি মহাসচিবের বিরূপ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন,এই দুই নেতার বিরুদ্ধে মামলা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের। সেই মামলায় তাঁদের শাস্তি হয়। তাঁরা হাইকোর্টে গেলে সেখানেও আগের রায় বহাল থাকে। আবার গয়েশ্বর চন্দ্রসহ আরও অনেকে গাড়ি-ঘোড়া ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ ও জনতার ওপর হামলা পরিচালনা করা সত্ত্বেও তাঁরা আগাম জামিন পেয়েছেন। এতেই প্রমাণ হয়, আদালত স্বাধীনভাবে কাজ করে।
‘রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাতারে নামতে হয়’
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশন তথ্যপ্রমাণের ভিত্তিতে সত্যতা পেয়েছে বিধায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে। তিনি শ্রমিক–কর্মচারীদের যে লভ্যাংশ দেওয়ার কথা, সেটি না দিয়ে শ্রমিক–কর্মচারীদের নেতাদের ব্যাংক হিসাবে ঘুষ হিসেবে টাকা পাঠিয়েছে। তাই মামলায় তাঁর সঙ্গে ওই নেতারাও আসামি হয়েছেন। এখানে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেটিই দুদক বলছে এবং সে জন্য মামলা হয়েছে।
‘মাদক চাষের চেয়ে খাদ্য ফলানো অনেক গুরুত্বপূর্ণ’
এর আগে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতিসংঘের প্রতিপাদ্য ‘উই নিড ফুড, নট টোব্যাকো’ অনুসারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিপাদ্য ‘তামাক নয় খাদ্য ফলান’ উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘প্রকৃতপক্ষে তামাকের কোনো প্রয়োজনীয়তা নেই। আমি সারা জীবন একটিও সিগারেট বা তামাক গ্রহণ করিনি। পৃথিবীতে বহু ক্ষুধার্ত মানুষ আছে। মাদক চাষের চেয়ে তাদের জন্য খাদ্য ফলানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মাদক চাষের জন্য ব্যবহৃত জমি যদি আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করতে পারি, তাহলে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে, দেশ, জাতি, সমাজ, বিশ্ব উপকৃত হবে।’
‘মানস’ সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রধান নির্বাহী মোহম্মদ নূরুজ্জামান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রমুখ বক্তব্য দেন।