খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়
যুক্তরাজ্য থেকে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। আর রমজানেরই আগে ২১ মার্চ ঢাকায় আসেন তাঁর স্ত্রী শর্মিলা রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানিয়েছেন, দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছেন জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। বেলা পৌনে দুইটায় একটি ফ্লাইটে ঢাকায় নেমে তাঁরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছান। শর্মিলা রহমান দুই মেয়েকে বিমানবন্দর থেকে নিয়ে আসেন।
আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া জেলখানায় ও হাসপাতালে একাধিকবার দাদি খালেদা জিয়াকে দেখতে গেলেও এবার বাসায় একসঙ্গে ঈদ করবেন।
২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমানের মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে লন্ডনে থাকছেন শর্মিলা রহমান। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবার সেখানে বসবাস করছেন।
এদিকে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী হন। দুই বছর কারাবন্দী থাকার পর ২০২০ সালে ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। তখন থেকেই তিনি গুলশানের এই বাসায় থাকছেন। এ পর্যন্ত সাজা স্থগিত করে ছয় মাস করে সাতবার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।