বিএনপির হাঁকডাক খালি কলসি বেশি বাজার মতো: তথ্যমন্ত্রী
বিএনপির নানা হাঁকডাক, আওয়াজ খালি কলসি বেশি বাজার মতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে ধস নামানো বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন। বিএনপি ২০১৪ সালে নির্বাচনের পর বলেছিল, সরকার বড়জোর তিন মাস টিকবে। আমরা পাঁচ বছর সরকার পরিচালনা করেছি। ২০১৮ সালের নির্বাচনের পর বলেছিল, এই সরকারও তারা টেনে ফেলে দেবে। এখন বিএনপিই রশি ছিঁড়ে পড়ে গেছে। অর্থাৎ এখন মির্জা ফখরুল সাহেব ও তাঁদের নেতারা যেসব কথা বলছেন, সেটি হচ্ছে খালি কলসি বেশি বাজার মতো।’
বুধবার বিকেলে মিরপুর ১০ গোলচত্বর–সংলগ্ন রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ভিসা নীতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব বলেছেন যে ভিসা নীতিতে তাদের আন্দোলন বেগবান হয়েছে। তিনি জানেন যে ভিসা নীতিতে বলা হয়েছে, যারা নির্বাচনে বাধা দেবে, তাদের ওপর এই নীতি প্রয়োগ হবে। আর যাদের ওপর ইতিমধ্যেই ভিসা নীতি কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে বিরোধী দলের নেতারাও আছেন, সেটি ফখরুল সাহেব জানেন না। জানলে এ কথা বলতেন না।’
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো এবং এই সম্পর্ক উত্তরোত্তর ঘনিষ্ঠ হচ্ছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা দেখেছেন, জো বাইডেন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছেন এবং নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। জো বাইডেন সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে নিউইয়র্কে ছবি তুলেছেন, ছবিই কথা বলে। আমরা ভিসা নীতি নিয়ে মাথা ঘামাই না।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কাকে ভিসা দিল, কাকে দিল না, এটি তাদের ব্যাপার। এই ভিসা নীতি বহু আগে থেকেই তাদের আছে। তাদের ভিসা নীতিতে যেটি বলা আছে, সেই অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছে। এটি নতুন কোনো কিছু নয়। সুতরাং এই ভিসা নীতি একটি বিচ্ছিন্ন বিষয়।
হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্র বহু দেশের ওপর ভিসা নীতি কার্যকর করেছে। তারা নাইজেরিয়ার ওপর ভিসা নীতি কার্যকর করেছে, সরকারের কিছু হয় নাই। কম্বোডিয়ার ওপর কার্যকর করেছে, সরকারের কিছু হয় নাই। উগান্ডার ওপরও তারা ভিসা নীতি কার্যকর করেছে, সরকারের কিছু হয় নাই। কিউবার ওপর ৫০ বছরের বেশি সময় ধরে ভিসা নীতি কার্যকর ছিল। যুক্তরাষ্ট্র থেকে ১০০ মাইল দূরে কিউবার কিছু হয় নাই। সুতরাং এই ভিসা নীতি নিয়ে এত কিছু মাতামাতি করার কোনো কারণ নাই।’
বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ জানান তথ্যমন্ত্রী। দলটির উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে আসুন। নির্বাচনে যদি না আসেন, তাহলে আপনাদের অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে দলীয় নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন মায়া প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।