রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নিজের ভোট দিয়েছেন। আজ বুধবার সকাল সোয়া নয়টায় নগরের স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে দুই মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, ‘নির্বাচনে বিএনপি প্রার্থী দিলে তারা তাদের অবস্থান বুঝতে পারত। জনপ্রিয়তা থাকলে তাদের প্রার্থী নির্বাচিতও হতে পারতেন। সুতরাং, প্রার্থী না দেওয়া ভুল সিদ্ধান্ত।’
ভোট গ্রহণ শুরু হয়েছে বেশ ধীরগতিতে। প্রথম ঘণ্টায় অধিকাংশ কেন্দ্রই মোট ভোটারের ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। কোনো কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১ থেকে ১ দশমিক ৫ শতাংশ।
লিটন যে কেন্দ্রে ভোট দিলেন, সেই স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রেও সকালে ভোটারের উপস্থিতি ছিল কম। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬২৮ জন। প্রথম ঘণ্টায় কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ১ শতাংশ। সকাল ৮টায় ভোট শুরু হওয়ার প্রায় ২০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে কোনো ভোটার উপস্থিতি ছিল না। কেন্দ্রের পুরুষ বুথে মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ রঙের গেঞ্জি পরা ১৫ থেকে ২০ জনের একটি দল অপেক্ষায় ছিল। নারীদেরও একটি দল ছিল। খায়রুজ্জামান লিটন ভোট দিয়ে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুথ দুটি ফাঁকা হয়ে যায়।
ভোটার কম থাকা প্রসঙ্গে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘একেক এলাকার মানুষের অভ্যাস একেক রকম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানেও ভোটার বাড়বে।’ নির্বাচনে অন্তত ৬০ শতাংশ ভোট পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রিসাইডিং কর্মকর্তা আবু সাঈদ জানান, এই কেন্দ্রে ৬ নম্বর বুথের একটা মেশিন ২০ মিনিটের জন্য কাজ করছিল না। এ কারণে ভোট গ্রহণ একটু বিলম্বিত হয়েছে। আর সকালবেলায় উপস্থিতি কম ছিল। প্রথম ঘণ্টায় ৩০টি ভোট পড়েছে। তবে পরবর্তী ৩০ মিনিটের মধ্যে আরও ৪০টি ভোট পড়েছে।
নগরের রানীবাজার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা থেকেই নারী ও পুরুষের দুটি বুথে ১৫ থেকে ২০ জনের একটি সারি দেখা যায়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তৌরেজ হোসেন জানান, মোট ১ হাজার ৫৬৭ ভোটের মধ্যে প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ৯৩টি। ভোট পড়ার হার প্রায় ৫।
কৃষ্ণকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ১ হাজার ৮১৩টি। প্রিসাইডিং কর্মকর্তা জুয়েল কুমার দাস জানান, প্রথম ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৯১টি। ভোট পড়ার হার প্রায় ৫।
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল কেন্দ্রে মোট ভোট ১ হাজার ৮৪১টি, প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ৩৫টি। ভোট পড়ার হার প্রায় ১ দশমিক ৯০।
ইভিএমের কারণে কেন্দ্রগুলোয় ভোট শুরুতে একটু বিলম্বিত হয়েছে। তিনটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে, ভোট শুরু করতে ৮ থেকে ১৭ মিনিট পর্যন্ত দেরি হয়েছে।
বৃষ্টি না হলেও সকাল থেকে রোদের দেখা মেলেনি। তবে রয়েছে ভ্যাপসা গরম। ভোটকেন্দ্রে অনেক নারী ভোটারকে হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা গেছে।