ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই, সুপ্রিম কোর্টের কাজ আধাবেলা বন্ধ
বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। আজ রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
ভোর ৪টার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন সরকারের মৃত্যু হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানিয়েছেন।
জমির উদ্দিন সরকার স্মরণে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে।
জমির উদ্দিন সরকার সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্বপালন করেছেন।
শায়রুল কবির খান বলেন, জমির উদ্দিন সরকারের জানাজা তিন দফায় প্রথমে ধানমন্ডির তাকওয়া মসজিদে, হাইকোর্টে এবং পরে জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে। এর সময়সূচি পরে জানানো হবে।
সুপ্রিম কোর্টের কার্যক্রম আধাবেলা বন্ধ
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্মরণে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আপিল বিভাগের চেম্বার কোর্টের কার্যক্রমও আজ বন্ধ থাকবে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।