সিত্রাং মোকাবিলায় নেতা–কর্মীদের জনগণের পাশে থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ–পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির নেতৃত্বে একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আওয়ামী লীগ। এতে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলীয় নেতা–কর্মীদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেবে আওয়ামী লীগ। উপকূলবর্তী এলাকার দলীয় নেতা–কর্মী ও জনসাধারণকে প্রয়োজনে আওয়ামী লীগের মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলের মানুষের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্যসহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সর্বাত্মক কর্মপ্রয়াস চালিয়ে যেতে নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর: ০২-২২৩৩৬৭৮৮০, ০২-২২৩৩৬৭৮৮২, ০১৭৭৩২৬৬৬৬৬, ০১৯১৫৫৫৫৮৩০, ০১৭১১৫৮২৪৭৫।