আ.লীগ স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করেছে। আওয়ামী লীগ স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে। আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ভোট ও ভাতের অধিকারের জন্য বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সব সময় সংগ্রাম করেছে। স্বচ্ছ ও সুন্দর নির্বাচন যাতে হয়, সে জন্য আওয়ামী লীগ ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছে, স্বচ্ছ ব্যালট বাক্স উপহার দিয়েছে। বিশেষ করে সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করেছে। এখন বিএনপির আমলের ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটারের আমল চলে গেছে। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডার দিন চলে গেছে। আজিজ মার্কা নির্বাচন কমিশন নেই। এ জন্য বোধ হয় তাদের (বিএনপি) অন্তরে এত জ্বালা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আমাদের স্লোগান হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাঁকে দেব। তাই আমাদের এ নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই।’

সরকারের উন্নয়ন দেখে দেশ, উন্নয়ন এবং সরকারবিরোধী কিছু স্বার্থান্বেষী লোক মিথ্যা, বানোয়াট প্রচারণায় উঠেপড়ে লেগেছে বলে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, তারা গুজব ছড়িয়ে সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থনীতির সব সূচক স্থিতিশীল ও বলিষ্ঠ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। সেই লক্ষ্য অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক কূটনীতি, পাবলিক কূটনীতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নীতি চালু করেছে।

সরকারি দলের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলছে। এটি অসাংবিধানিক। তারা ২৭ দফা দিয়েছে। তারা রাষ্ট্র মেরামতের কথা বলছে। যারা রাষ্ট্র ধ্বংস করেছে, লুটপাট করেছে, তারাই এখন রাষ্ট্র মেরামতের কথা বলছে। এটি তাদের মানায় না।

বিএনপির সমালোচনায় ধানের শীষে ভোট করা সুলতান মনসুর
আলোচনায় অংশ নিয়ে বিএনপির রাষ্ট্র মেরামতের ঘোষণার কঠোর সমালোচনা করেন গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত গণফোরামের প্রার্থী হলেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি।

সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ‘বাংলাদেশকে মেরামত করতে হবে। কাদের কাছ থেকে শুনছি? ৭৫ সালের খুনিদের কাছ থেকে শুনছি।’

সুলতান মনসুর প্রশ্ন রাখেন, তাঁরা কি ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো ঘটনা ঘটিয়ে মেরামত করতে চান? জিয়ার দুঃশাসনে যে কারফিউর গণতন্ত্র, তাঁরা কি সেই স্বৈরতন্ত্র করতে চান? তাঁদের কথা শুনলে মনে হয় ওই দিকেই যাচ্ছেন।

অন্যদের মধ্যে সরকারি দলের সংসদ সদস্য মোসলেম উদ্দীন, জাফর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার, রত্না আহমেদ, বিকল্প ধারার আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।