অবসরের তিন বছর পর অংশগ্রহণের বিধান প্রশ্নে রুলের শুনানি বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট ভবন
ফাইল ছবি

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিধান প্রশ্নে রুলের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী বুধবার দিন রেখেছেন হাইকোর্ট। আজ বুধবার শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির এ দিন ধার্য করেন।

এর আগে ৭ নভেম্বর রুলের ওপর শুনানি শুরু হয়। সেদিন শুনানি নিয়ে আদালত ৯ নভেম্বর শুনানির দিন রাখেন। এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর শুনানি নিয়ে আদালত ১৫ নভেম্বর শুনানির জন্য দিন রাখেন। এ অনুসারে আজ শুনানি হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, তানিয়া আমীর ও মোহাম্মদ সাঈদ আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত প্রথম আলোকে বলেন, শুনানি নিয়ে আদালত আগামী বুধবার শুনানির পরবর্তী দিন রেখেছেন। সেদিন নির্বাচন কমিশনের আইনজীবী তাঁর বক্তব্য উপস্থাপন করবেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১২(১) চ ধারা অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের তিন বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই বিধান চ্যালেঞ্জ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চলতি বছর হাইকোর্টে একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি হাইকোর্ট রুল দেন।

রুলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ওই বিধান কেন সংবিধান পরিপন্থী নয়, তা জানতে চাওয়া হয়। একই বিষয় নিয়ে চলতি বছর করা পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে রুল হয়। পৃথক চারটি রিটের পরিপ্রেক্ষিতে হওয়া রুলের ওপর একসঙ্গে শুনানি হচ্ছে।