আরপিও সংশোধন
সংলাপে আসা প্রস্তাব গুরুত্ব পায়নি
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
ইসির চূড়ান্ত করা প্রস্তাব প্রথমে যাচাই করবে আইন মন্ত্রণালয়। এরপর তা মন্ত্রিসভায় তোলা হবে।
সংশোধিত আরপিও মন্ত্রিসভা অনুমোদন দিলে তা জাতীয় সংসদে যাবে। সংসদ সংশোধনী গ্রহণ করলেই তা আইনের অংশ হবে।
জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) কিছু ক্ষেত্রে সংশোধনী আনার জন্য প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক এই সংস্থা বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে আসা বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে তা চূড়ান্ত করা হয়েছে। তবে বাস্তবে দলগুলোর বেশির ভাগ প্রস্তাব বা সুপারিশ কমিশনের কাছে গুরুত্ব পায়নি।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটার ভ্যারিফায়েবল পেপার অডিট ট্রেইল (ভোটার ইভিএমে ভোট দেওয়ার পর ইভিএম থেকে কাগজে তা ছাপা হয়ে স্বয়ংক্রিয়ভাবে স্বচ্ছ ব্যালট বাক্সে জমা হবে) যুক্ত করা, ‘না’ ভোটের বিধান যুক্ত করা, নির্বাচনী ব্যয় বাড়ানো-কমানো, নির্বাচনী ব্যয় তদারক করা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশ নেওয়ার বিধানে পরিবর্তন আনা, সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করাসহ বেশ কিছু প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর।
এগুলো বাস্তবায়ন করতে হলে আরপিওতে সংশোধনী আনতে হবে। তবে সংশোধনী প্রস্তাব তৈরির ক্ষেত্রে এই প্রস্তাবগুলো নির্বাচন কমিশনের (ইসি) কাছে গুরুত্ব পায়নি।
গত ফেব্রুয়ারির শেষ দিকে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৭ থেকে ৩১ জুলাই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি। সংলাপে কোনো সুনির্দিষ্ট আলোচ্যসূচি ছিল না। তবে সংবিধান সংশোধন, আইন সংশোধনসংক্রান্ত প্রস্তাবসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছে বিভিন্ন দল।
যেসব প্রস্তাব গুরুত্বপূর্ণ, সেদিকে দৃষ্টি না দিয়ে ইসি এমন কিছু বিষয়ে নজর দিয়েছে, যেগুলো বিভ্রান্তি সৃষ্টি করে।বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুজন
ইসি সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আগে থেকেই আরপিও সংশোধন প্রস্তাব তৈরির কাজ শুরু করে ইসি। দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হওয়ার আগেই গত ২০ জুলাই কমিশন সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।
সংলাপ শেষ হওয়ার আগেই সংশোধনী প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলে সমালোচনা হতে পারে, এমন আশঙ্কা থেকে পরবর্তী সময়ে ওই সিদ্ধান্ত স্থগিত করা হয়। দলগুলোর সঙ্গে সংলাপ শেষে ৭ আগস্ট সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসি।
ইসির প্রস্তাব
ইসি সূত্র জানায়, বিদ্যমান আরপিওতে যেসব সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভোট বাতিলে ইসির ক্ষমতা ও ভোট বন্ধে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো, প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখালে বা কেন্দ্রে যেতে বাধা দিলে শাস্তির বিধান, দলের সর্বস্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখতে ২০৩০ সাল পর্যন্ত সময় দেওয়া, দায়িত্বে অবহেলায় কর্মকর্তাদের শাস্তির আওতা বাড়ানো, প্রার্থীদের আয়কর সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা, ভোট গণনার বিবরণী প্রার্থী ও তাঁর এজেন্টদের দেওয়া বাধ্যতামূলক করা, মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত খেলাপি বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি) পরিশোধের সুযোগ দেওয়া, রাজনৈতিক দলের সংশোধিত গঠনতন্ত্র ৩০ দিনের মধ্যে ইসিতে জমা দেওয়ার বিধান করার প্রস্তাব।
বিদ্যমান আইন অনুযায়ী, ভোটের সময় কোনো অভিযোগ পেলে কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারে। এর সঙ্গে তারা একটি বিধান প্রস্তাব করেছে, ভোটের ফলাফলের গেজেট প্রকাশের আগে কমিশন গ্রহণযোগ্য কোনো অভিযোগ পেলে ফলাফল স্থগিত করতে পারবে এবং তদন্তে অনিয়মের প্রমাণ পেলে ভোট বাতিল করতে পারবে।
বিদ্যমান আইনে বলা আছে, তদন্ত সাপেক্ষে কমিশন যদি সন্তুষ্ট হয়, তাহলে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারে ইসি। এখন ইসি প্রস্তাব করেছে, প্রার্থিতা বাতিল হয়ে হওয়ার পর নতুন যে নির্বাচন হবে, তাতে তিনি আর ভোটে দাঁড়াতে পারবেন না।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রথম আলোকে বলেন, যতটুকু প্রয়োজন, ইসি ততটুকু সংশোধনী প্রস্তাব করেছে। সংলাপে আসা কিছু প্রস্তাবও এর মধ্যে যুক্ত করা হয়েছে।
ইসির এসব প্রস্তাব যাচাই করবে আইন মন্ত্রণালয়। এরপর তা মন্ত্রিসভায় তোলা হবে। মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হলে তা জাতীয় সংসদে যাবে। সংসদ সংশোধনী গ্রহণ করলেই কেবল তা আইনের অংশ হবে।
ইসির প্রস্তাবের বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ইভিএমে ভিভিপিএটি যুক্ত করা, প্রার্থীদের ব্যয় তদারক করা, প্রবাসীদের ভোটাধিকার দেওয়াসহ যেসব প্রস্তাব গুরুত্বপূর্ণ, সেদিকে দৃষ্টি না দিয়ে ইসি এমন কিছু বিষয়ে নজর দিয়েছে, যেগুলো বিভ্রান্তি সৃষ্টি করে। যেমন যেকোনো সময় ভোট বাতিল করার অন্তর্নিহিত ক্ষমতা ইসির এখনই আছে। নির্বাচনের সময় অনিয়ম, কারচুপির অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ইসি ভোট বাতিল করে নতুন নির্বাচন করতে পারে। নিজেদের ক্ষমতার বিষয়ে পরিপূর্ণ ধারণা না থাকার প্রতিফলন হয়েছে এসব প্রস্তাবে।
ইভিএমে পেপার ট্রেইল যুক্ত হচ্ছে না
ইসি যেসব প্রস্তাব করেছে তার মধ্যে নির্বাচনী এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিটি কেন্দ্রে ফলাফলের কপি এজেন্টদের দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব সংলাপে কয়েকটি দল থেকে এসেছিল। কিন্তু এর বাইরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছিল, যেগুলো ইসি বিবেচনায় নেয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পেপার ট্রেইল যুক্ত করা। ওয়ার্কার্স পার্টি, এনডিএম, খেলাফত মজলিসসহ কয়েকটি দল এই প্রস্তাব করেছিল। কিন্তু এ বিষয়ে ইসি কিছু করেনি। ইভিএমে পেপার ট্রেইল যুক্ত করা হলে তা এক বছর সংরক্ষণ করার বিধানও আরপিওতে যুক্ত করতে হবে।
জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন নিয়েও সংলাপে বিভিন্ন প্রস্তাব এসেছিল। এর মধ্যে কয়েকটি দল সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেয়। আর গণফোরাম আরপিওতে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় ‘সশস্ত্র বাহিনী’ যুক্ত করার প্রস্তাব দিয়েছিল। এটি করা হলে সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটে পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারবেন। তবে বিষয়টি ইসি আমলে নেয়নি।
এখন সরকারি বা প্রতিরক্ষা বিভাগে চাকরি থেকে অবসর, পদত্যাগের তিন বছর পর কেউ চাইলে নির্বাচনে অংশ নিতে পারেন। এই বিধানে পরিবর্তন আনার প্রস্তাব করেছিল কয়েকটি দল। সামরিক-বেসামরিক কর্মকর্তারা অবসরে যাওয়ার পাঁচ বছর পর নির্বাচনে অংশ নিতে পারবেন, এমন বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অবসরে যাওয়ার পর পাঁচ বছর রাজনীতিতে সক্রিয় থাকার শর্ত যোগ করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ন্যাপ। আর এনপিপি বলেছিল, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে চাইলে অবসরে যাওয়ার পর তিন বছর কোনো দলের সক্রিয় কর্মী হিসেবে থাকতে হবে।
সরকারি কর্মকর্তারা অবসরে যাওয়ার পর যদি সরকারি মালিকানাধীন বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ পান, তাহলে তাঁদের ওই দায়িত্ব পালন শেষ করার পরবর্তী তিন বছর পর্যন্ত নির্বাচন করতে না পারার বিধান যুক্ত করতে বলেছিল সংসদে বিরোধী দল জাতীয় পার্টি।
এর আগে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যালটে ‘না’ ভোটের বিধান করা হয়েছিল। পরবর্তী সময়ে তা বাদ দেওয়া হয়। এবারের সংলাপে অংশ নিয়ে অন্তত পাঁচটি দল ‘না’ ভোটের বিধান যুক্ত করতে বলেছিল। ইসি এটি আমলে নেয়নি।
এখন জাতীয় নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা ২৫ লাখ টাকা। প্রার্থীর দেওয়া ব্যয় বিবরণী ইসি যাচাই করে না। সংলাপে অনেকগুলো দল ব্যয়সীমা, প্রার্থীর ব্যয় যাচাই ও তা তদারক করা নিয়ে নানা ধরনের প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি ‘নির্বাচনে টাকার খেলা’ বন্ধ করতে ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব দেয়। নির্বাচনী ব্যয় প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখা এবং তা মিলিয়ে দেখা, আয়-ব্যয় বিবরণী জমা না দেওয়া পর্যন্ত শপথ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল দলটি।
প্রায় একই ধরনের প্রস্তাব দিয়েছিল সাম্যবাদী দল। নির্বাচনী ব্যয়সীমা যৌক্তিক করার প্রস্তাব ছিল জাসদের। প্রার্থীর ব্যয়সীমা ঠিক থাকছে কি না, তা নজরদারিতে রাখার প্রস্তাব দিয়েছিল গণফোরাম, এনডিএম ও গণফ্রন্ট। নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
অন্যদিকে ব্যয়সীমা বাড়িয়ে ৫০ লাখ টাকা করার প্রস্তাব ছিল তরীকত ফেডারেশনের। জাতীয় পার্টি নির্বাচনী ব্যয় ৫০ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তবে এ-সংক্রান্ত কোনো প্রস্তাবই ইসি আমলে নেয়নি। নির্বাচনী অভিযোগ তিন মাসের মধ্যে নিষ্পত্তির বিধান করার প্রস্তাব দিয়েছিল ইসলামী ঐক্যজোট। আর মামলা ছয় মাসের মধ্যে ইসির মাধ্যমে নিষ্পত্তি করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিস। গণফোরাম প্রস্তাব দিয়েছিল নির্বাচনী ফলাফল বিরোধের ক্ষেত্রে ট্রাইব্যুনালে মামলা হলে তা দুই মাসের মধ্যে নিষ্পত্তির বিধান করা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৫ দফা প্রস্তাবের একটি প্রস্তাব ছিল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়িত্ব না দিয়ে শুধু প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রিসাইডিং কর্মকর্তা বা পোলিং কর্মকর্তা নিয়োগ করা। অবশ্য এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে আরপিও সংশোধন জরুরি নয়।
আর বিরোধী দল জাতীয় পার্টির একটি প্রস্তাব ছিল পরিষেবা বিল খেলাপি হলে প্রার্থিতা বাতিলের বিধান বাদ দেওয়া। এ ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি সহজ করা, ধর্মভিত্তিক দলের নিবন্ধন না দেওয়া, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনের বিধান রহিত করা, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করাসহ বিভিন্ন প্রস্তাব ছিল দলগুলোর।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন মূলত যে ছকে নির্বাচন করতে চায়, সে ছকেই চিন্তাভাবনা করে। যার ফলে নির্বাচনী খরচ, সহিংসতা, সাম্প্রদায়িকতা—এসব ক্রমেই বাড়ছে। তিনি বলেন, ইসি নিজেরাই ভোটকক্ষে ডাকাতের কথা বলছে। বুথের নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে ইসির প্রতি আস্থাহীনতা আরও বড় আকারে সামনে আসবে।