করোনার টিকা–সরঞ্জাম কেনায় ৪ হাজার ৬৮৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল, অভিযোগ পেলে তদন্ত: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ২০২০-২১ অর্থবছর থেকে এ পর্যন্ত করোনা ভাইরাস মোকাবিলায় টিকাসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি ও কেনায় মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে করোনা মহামারি মোকাবিলায় টিকা ও সরঞ্জাম কেনায় সরকারের ব্যয় ও স্বচ্ছতা নিয়ে ফেনী-২ আসনের বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
এর আগে আজ সকাল সাড়ে ১০টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী মৌখিক উত্তর দেওয়ার জন্য প্রশ্নোত্তর উত্থাপিত হয়।
সংসদ সদস্য জয়নাল আবদিন জানতে চান, বিগত করোনাভাইরাস মৌসুমে মহামারি মোকাবিলায় সরকার টিকাসহ করোনা সরঞ্জাম আমদানি ও কেনাকাটায় বরাদ্দ ও ব্যয়ের হিসাব কী, টিকা আমদানিতে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না, হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না?
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছর থেকে এ পর্যন্ত করোনা পরিস্থিতি মোকাবিলায় টিকাসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি আর কেনার জন্য ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে টিকা কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা। সিরিঞ্জ কিনতে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। টিকা ও সিরিঞ্জ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে ব্যয় হয়েছে আরও ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা। সিরিঞ্জ শিপিং খাতে খরচ হয়েছে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, টিকা কেনার বিষয়ে এখন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অনিয়মের কোনো অভিযোগ জমা পড়েনি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ–সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।