স্যুয়ারেজ ও বর্ষার পানিতে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: সংসদে জামায়াত এমপি

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. সাইফুল আলমফাইল ছবি: সংসদ টিভির ভিডিও থেকে নেওয়া

গত কয়েক দিনের টানা বৃষ্টির ফলে স্যুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে রাজধানী বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা–১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. সাইফুল আলম। তিনি এ বিষয়ে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন সাইফুল আলম।

নিজের নির্বাচনী এলাকার কথা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, কয়েক দিন যাবৎ সারা দেশের মতো ঢাকা শহরে অতিবৃষ্টির পরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঢাকা-১২ আসনের সব জায়গায় জলাবদ্ধতার কারণে জনভোগান্তি হচ্ছে। এই পানিগুলো চরম নোংরা। স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাইফুল আলম বলেন, ঢাকার জলাবদ্ধতার এত খারাপ অবস্থা, সংসদের পূর্ব ও পশ্চিম পাশেও জলবদ্ধবতা আছে। বিজয় সরণির ভিভিআইপি রোডেও বর্ষাকালে ব্যাপক জলবদ্ধতা হয়।