বঙ্গবাজারের আগুন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য দায়িত্বহীন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপিই আগুন নিয়ে খেলা করে। ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন মির্জা ফখরুলেরা। দেশ ও মানুষের সম্পত্তিও তাঁরাই পুড়িয়েছেন।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুলের সন্দ্বীপ ভবনে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকা (সিজেএফডি) আয়োজিত ইফতার মাহফিলে হাছান মাহমুদ এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সকালে বক্তৃতা করে বলেন, তদন্ত হলে নাকি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সরকারের কারা কারা যুক্ত তা বেরিয়ে আসতে পারে। এ রকম একটি দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীন কথা বিএনপির মতো দলের মহাসচিবের কাছে আশা করা যায় না।’

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবাজারে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী এটি সার্বক্ষণিক মনিটর করেছেন। ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এ ঘটনার সরেজমিন তদন্ত, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নিরাপদ স্থায়ী কাঠামোর বিষয়ে যথাযথ নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের সদস্যরা বিপদাপন্নদের পাশে দাঁড়িয়েছে।’

সম্প্রতি বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং আগুন লাগার পেছনে নাশকতা আছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মির্জা ফখরুল যেহেতু এসব কথা বলেছেন, সেহেতু ওনাকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাহলে তথ্য বেরিয়ে আসার ক্ষেত্রে সহায়তা হবে। তবে আমি অনুরোধ জানাব, একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে এ ধরনের কথা না বলার জন্য।’

সিজেএফডির সভাপতি মামুন আবদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমীন, মাহফুজুর রহমান মিতা ও সাইমুম সরওয়ার কমল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। এ ছাড়া সিজেএফডির সাবেক সভাপতি শাহীন উল ইসলাম চৌধুরী, সাইফ ইসলাম দিলাল, মেজবাহ উদ্দিন চৌধুরী, মোস্তফা কামাল, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদসহ সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও বক্তব্য দেন অনুষ্ঠানে।