নিজেদের নিয়ন্ত্রিত কক্ষে শিক্ষার্থী তোলা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

প্রথম বর্ষের একজন ছাত্রকে হলে নিজেদের নিয়ন্ত্রণে থাকা কক্ষে তোলা নিয়ে হাতাহাতিতে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের দুই পক্ষ। দুই পক্ষের মারমুখী অবস্থানে হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রকে নিজেদের নিয়ন্ত্রিত কক্ষে তোলা নিয়ে এ দ্বন্দ্ব বাধে হল শাখা ছাত্রলীগের সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেনের অনুসারীদের মধ্যে।

ওই হলের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, হলে উঠতে আগ্রহী প্রথম বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) এক ছাত্রকে সাধারণ সম্পাদক পক্ষের দ্বিতীয় বর্ষের কিছু কর্মী আগে থেকে বলে রাখেন, তাঁরা তাঁকে নিজেদের নিয়ন্ত্রিত কক্ষে ওঠাবেন। কিন্তু নানা ‘সুযোগ-সুবিধার’ কথা বলে ওই ছাত্রকে নিজেদের নিয়ন্ত্রিত কক্ষে তোলেন সভাপতির পক্ষের দ্বিতীয় বর্ষের কর্মীরা। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে হাতাহাতিতে জড়ান দুই পক্ষের কর্মীরা। এরপর দুই পক্ষের জ্যেষ্ঠ নেতা-কর্মীরাও ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়ান।

শিক্ষার্থীরা জানান, হাতাহাতির ঘটনার সময় ছাত্রলীগের দুই পক্ষের শ খানেক নেতা-কর্মী মারমুখী অবস্থানে ছিলেন। একপর্যায়ে সভাপতি পক্ষের দ্বিতীয় বর্ষের এক কর্মী সাধারণ সম্পাদক পক্ষের এক জ্যেষ্ঠ কর্মীর কলার চেপে ধরলে দুই পক্ষে উত্তেজনা বাড়ে। হাতাহাতির ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাধারণ সম্পাদক পক্ষের এক জ্যেষ্ঠ কর্মীকে প্রতিপক্ষের এক কনিষ্ঠ কর্মী থাপ্পড় দেন ও মুঠোফোন কেড়ে নেন। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

অবশ্য এ ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে হলে এমন কিছু হয়নি। তবু আমি খোঁজ নিয়ে দেখছি।’

মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও হল শাখা ছাত্রলীগের সভাপতি শহিদুল হকের সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে ফোন করা হলে হলের প্রাধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, তিনি ব্যস্ত আছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের মধ্যে ১৩টি ছাত্রদের জন্য। ছাত্রদের হলগুলো মূলত ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে। হলের কোন কক্ষে কারা থাকবেন, তা ছাত্রলীগের নেতারাই ঠিক করেন। এসব কক্ষে থাকার জন্য ছাত্রলীগের নেতাদের প্রতি আনুগত্য ‘বাধ্যতামূলক’। প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে আবাসিক স্ট্যাটাস না থাকায় তাঁদের ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা গণরুমে উঠতে হয়।

ছাত্রলীগের অধীনে হলে থাকতে শিক্ষার্থীদের ‘ম্যানার’ নামের একগুচ্ছ নিয়ম মানতে হয়, যা শেখানো হয় ‘গেস্টরুম’ নামের এক বিশেষ কর্মসূচিতে। এ ছাড়া ছাত্রলীগের কর্মসূচি ও গেস্টরুমে অংশ নিতে হয় তাঁদের। নবীন শিক্ষার্থীদের কেউ ছাত্রলীগের কথিত নিয়মকানুনের অবাধ্য হলে তাঁদের ‘বিচার’ হয় গেস্টরুমে।