গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিবৃতি
ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ও প্রতিহিংসায় সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে
দেশে রাজনৈতিক সংঘাত, হত্যা, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার বদলে আইনের শাসন ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জোটটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় জোটের পক্ষ থেকে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হচ্ছে।
বিবৃতিতে নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের সম্পৃক্ততার অভিযোগকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
হত্যাকাণ্ডের পর বেন্দারচর এলাকায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনারও নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। বিবৃতিতে বলা হয়, হত্যার প্রতিশোধ নিতে এ ধরনের হামলা ও ধ্বংসযজ্ঞ সমর্থনযোগ্য নয়। হত্যাকারীদের পাশাপাশি প্রতিশোধমূলক সহিংসতায় জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।