এনসিপিতে ‘জিয়া-খালেদার আদর্শ’ দেখছেন ইসহাক সরকার, যোগ দিচ্ছেন কাল
বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার আগামীকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। তাঁকে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এনসিপিতে যোগদান সম্পর্কে ইসহাক সরকার প্রথম আলোকে বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যে আদর্শ নিয়ে বিএনপির রাজনীতি, এখন সেই আদর্শ বিএনপিতে দেখা যাচ্ছে না। সেই আদর্শ এনসিপির মধ্যে দেখা যাচ্ছে। সে জন্যই তাঁর এনসিপিতে যোগদান।
আগামীকাল বেলা তিনটায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইসহাক সরকারের যোগদান অনুষ্ঠান হবে বলে আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ইসহাক সরকার এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হতে যাচ্ছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন বর্তমানে এই পদে থাকা আলাউদ্দীন মোহাম্মদ। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব পদেও দায়িত্ব পালনকারী এই নেতা বলেন, ইসহাক সরকারের জন্য তিনি মহানগরের শীর্ষ পদটি স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছেন। এতে তিনি খুশিও।
ছাত্রদল ও যুবদল—দুই সংগঠনেই সাংগঠনিক সম্পাদক ছিলেন ইসহাক সরকার। আওয়ামী লীগের শাসনামলে বিএনপির সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ইসহাক তিন শতাধিক মামলায় আসামি হয়েছিলেন। এর মধ্যে রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার পৃথক দুটি নাশকতার মামলায় তাঁকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত বছরের নভেম্বরে সেই দুটি মামলায় তাঁকে খালাস দেন আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসহাক সরকার। কিন্তু দল তাঁকে মনোনয়ন দেয়নি। পরে ফুটবল প্রতীকে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হন ইসহাক। সংসদ নির্বাচনের সপ্তাহখানেক আগে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনের পর তিনি এনসিপিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানান।
এনসিপিতে যোগদান সম্পর্কে জানতে চাইলে ইসহাক সরকার আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল। স্বৈরশাসনের কষ্ট ও নির্যাতনের হাত থেকে তারা আমাদের রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার যে আদর্শ নিয়ে বিএনপির রাজনীতি, এখন সেই আদর্শ বিএনপিতে দেখা যাচ্ছে না। সেই আদর্শ এনসিপির মধ্যে দেখা যাচ্ছে। এসব কারণেই আমি এনসিপিতে যাচ্ছি।’