নেত্রকোনায় সিপিবির সমাবেশে হামলা, প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

নেত্রকোণার কলমাকান্দায় সিপিবির সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীতে দলটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছবি: সিপিবির সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন দলটির নেতা–কর্মীরা। আজ শুক্রবার বিকেলে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল পল্টন মোড়, তোপখানা রোড, প্রেসক্লাব হয়ে আবার পল্টন মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সিপিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কলমাকান্দায় আজ সিপিবির সমাবেশে হামলার ঘটনায় দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্তত ২০ নেতা-কর্মী আহত হন। বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে এ ঘটনা ঘটে। সিপিবির নেতা-কর্মীদের দাবি, সমাবেশ চলাকালে উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ওলামা লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ তাঁদের ওপর হামলা চালান।

এ ঘটনার প্রতিবাদে আজ রাজধানীর পল্টন মোড়ের সমাবেশে বক্তারা বলেন, জনবিচ্ছিন্ন হয়ে সরকার রাজনৈতিক দলের ওপর দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। পুলিশ ও মাস্তান বাহিনী দিয়ে সরকারের ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণই এই সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদস্য আসলাম খান। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সোহেল আহমদ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, হাসান তারিক চৌধুরী, আবিদ হোসেন, মানবেন্দ্র দেবসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের এই দমন-পীড়ন ও হামলার ঘটনা চলতেই থাকবে। এ জন্য সংগঠনের নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের দিয়ে জনবিচ্ছিন্ন সরকারের শেষ রক্ষা হবে না। রাতের ভোটে নির্বাচিত এ সরকারের মানুষের সংবিধানের কাছে কোনো দায়বদ্ধতা নেই।

বক্তারা বলেন, হামলায় জড়িত সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর সদস্যদের বিচার করতে হবে। কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে কৃষক, খেতমজুর, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সিপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলমাকান্দায় সিপিবির সমাবেশে হামলা ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সদস্য দিবালোক সিংহসহ নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে কাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে বিকেল সাড়ে পাঁচটায় ঢাকায় পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।