বিএনপিকে ‘সঠিক পথে’ আসতে সময় বেঁধে দিল আওয়ামী লীগ

‘সঠিক পথে’ না এলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ‘অপরাজনীতির কালো হাত’ গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছে আওয়ামী লীগ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে ‘অপরাজনীতি’ ছাড়তে ৩৬ দিন সময় বেঁধে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে ‘সঠিক পথে’ না এলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ‘অপরাজনীতির কালো হাত’ গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছে আওয়ামী লীগ। এটি বিএনপির জন্য শেষ বার্তা বলেও উল্লেখ করেছে আওয়ামী লীগ।

গতকাল সোমবার রাজধানীর উত্তরায় এবং যাত্রাবাড়ীতে পৃথক সমাবেশ করেছে আওয়ামী লীগ। দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়, যার নাম দেওয়া হয়েছে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ।

উত্তরার সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে আলটিমেটাম বা সময় বেঁধে দেওয়ার কথা বলেন।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি দুই সপ্তাহের কর্মসূচি নিয়ে এখন রাজপথে আছে। অন্যদিকে আওয়ামী লীগও ২১ সেপ্টেম্বর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত সভা-সমাবেশসহ নানা কর্মসূচি নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে ঢাকায় গতকাল দুটি সমাবেশ হয়।

উত্তরার সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে শেষ বার্তা দিলাম, সর্বশেষ বার্তা, ৩৬ দিনের আলটিমেটাম দিলাম, ৩৬ ঘণ্টা নয়। ৩৬ দিনের মধ্যে অপরাজনীতি, আগুন–সন্ত্রাস, নাশকতার রাজনীতি ছাড়তে হবে। গণতন্ত্রের মধ্যে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। যদি এ সময়ের মধ্যে বিএনপি সঠিক পথে না আসে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত গুঁড়িয়ে দেব, ভেঙে দেব।’

আরও পড়ুন
রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে বক্তব্য দেন ওবায়দুল কাদের
ছবি: সাজিদ হোসেন

রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজপথে এসে অবস্থান নেবেন (বিএনপি), সেই খেলা আর খেলতে দেওয়া হবে না। সুযোগ একটাই, নির্বাচন। বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে যদি না আসেন, খেলার আগেই হেরে যাবেন।’

নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া নির্বাচনে কাউকে মেনে নেবে না।

আওয়ামী লীগের পক্ষ থেকে ৩৬ দিনের আলটিমেটামের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তাদের আবার কিসের আলটিমেটাম। ভোট চুরি বন্ধ করে নির্দলীয় সরকারের অধীন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সারা দেশ, বিশ্ব তাদের সতর্ক করছে, আলটিমেটাম দিচ্ছে। আর আমরা এক দফার (সরকার পতনের) আলটিমেটাম দিয়েই তো আন্দোলন করছি। সুতরাং এসব বুলি ছুড়ে পার পাওয়া যাবে না।’

ওবায়দুল কাদেরের আগে বক্তৃতার সময় আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘আমরা বসে থাকব না। আগামী ৩৫ দিন সরকারকে পাহারা দিব।’

আরও পড়ুন

নির্বাচনের সময়

ক্ষমতাসীন দল থেকে ৩৬ বা ৩৫ দিনের কথা সামনে আনার বিষয়ে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনের সময় শুরু হবে। অর্থাৎ সংবিধান অনুসারে, ১ নভেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এই সময়ে যে সরকার থাকবে, তা নির্বাচনকালীন সরকার হিসেবে পরিচিত।

চলতি সংসদের মেয়াদ পূর্ণ হবে আগামী ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিন; অর্থাৎ আগামী ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে হবে। তবে ভোটের তফসিল কবে ঘোষণা করতে হবে, এ বিষয়ে আইনে সুনির্দিষ্ট কিছু বলা নেই।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, ৩৬ দিনের কথা সামনে আনার আরও কিছু কারণ আছে। বিএনপি প্রকাশ্যে বলেছে এবং গোয়েন্দা তথ্য আছে—দলটি অক্টোবরে সরকার পতনের বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ভিসা নীতি কার্যকর করেছে। এমন পরিস্থিতিতে কিছুটা চাপ অনুভব করছে আওয়ামী লীগ। যে কারণে বিএনপিকে এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে আন্দোলন করে সরকার পতন ঘটানো যাবে না। পাশাপাশি পশ্চিমা বিশ্বকেও নিজেদের দৃঢ়তা দেখাতে চাইছে আওয়ামী লীগ। এর মাধ্যমে দলের কর্মীদের চাঙা করার ব্যাপারও আছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন, ১ নভেম্বর থেকে বিএনপি যদি আন্দোলন, সভা-সমাবেশের নামে সহিংস কিছু করে, তাহলে সেটি ভিসা নীতির আওতায় পড়ার কথা। তখন যুক্তরাষ্ট্র কী ব্যবস্থা নেয়, সেটাও দেখতে চায় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ভিসা নীতি কার্যকর করার ঘোষণা দেওয়ার পর বিএনপির ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে ৩৬ দিনের বিষয়টি এসেছে।

উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করে গত ২৪ মে। এর চার মাসের মাথায় ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাদানে দায়ী ও জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের সদস্যও রয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন, ১ নভেম্বর থেকে বিএনপি যদি আন্দোলন, সভা-সমাবেশের নামে সহিংস কিছু করে, তাহলে সেটি ভিসা নীতির আওতায় পড়ার কথা। তখন যুক্তরাষ্ট্র কী ব্যবস্থা নেয়, সেটাও দেখতে চায় আওয়ামী লীগ।

‘ঠিক হয়ে যান’

উত্তরার সমাবেশে বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘৩৬ দিনের আলটিমেটাম দিলাম, ঠিক হয়ে যান। কোমর তো ভেঙে গেছে, হাঁটুও ভেঙে গেছে।’

বিএনপির এখন ‘বাজার খারাপ’ এমন দাবি করে দলটির সমাবেশে লোক ‘আসে না’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে, ওই হাত ভেঙে দিতে হবে। যদি আগুন নিয়ে আসে, ওই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দলটির দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারা তাদের নেত্রীর জন্য কিছুই করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া ও মহানুভবতায় খালেদা জিয়া বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছেন। কিন্তু ৩৬ মিনিটও বিএনপি খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারেনি। বাংলাদেশের কোথাও খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ মিনিটও আন্দোলন হয়নি। আজকে আওয়ামী লীগকে আলটিমেটাম দিচ্ছে।

আমার গণতন্ত্র আমি করব। আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাতসমুদ্র তেরো নদীর পার থেকে, আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে। এ দেশ গ্যাবনের (আফ্রিকার দেশ গ্যাবন) আলী বঙ্গোর (গ্যাবনের সাবেক প্রেসিডেন্ট, গত আগস্টে ক্ষমতাচ্যুত হন) দেশ নয়। এ দেশ বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ
ওবায়দুল কাদের

‘গ্যাবনের আলী বঙ্গোর দেশ নয়’

কারও ভিসা নীতির তোয়াক্কা আওয়ামী লীগ করে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উত্তরার সমাবেশে বলেন, ‘বার্তা দিয়ে দিচ্ছি। কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারও নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয়। এ দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি কারও নিষেধাজ্ঞা মানার জন্য নয়। আমার গণতন্ত্র আমি করব। আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাতসমুদ্র তেরো নদীর পার থেকে, আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে। এ দেশ গ্যাবনের (আফ্রিকার দেশ গ্যাবন) আলী বঙ্গোর (গ্যাবনের সাবেক প্রেসিডেন্ট, গত আগস্টে ক্ষমতাচ্যুত হন) দেশ নয়। এ দেশ বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ।’

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সারা দুনিয়ার কোথাও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। আজকে আরা নিষেধাজ্ঞার কথা বলে, তাদের নিজেদের দেশে গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়, মানবাধিকার পদদলিত হচ্ছে। গণতন্ত্র ও মানবাধিকারের পতাকা ভূলুণ্ঠিত হচ্ছে। কিছুই তারা করতে পারছে না।

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ ছাড়া কোনো নিষেধাজ্ঞা, ভিসা নীতি আমরা মানি না, মানব না। আমার নির্বাচন আমি করব, আমার নিয়মে আমি করব। সংবিধান কীভাবে নির্বাচন করতে হবে বলে দিয়েছে। আমার গণতন্ত্রে আমি নির্বাচন করব, কারও খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না।’

উত্তরা সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান।

‘দেখবে দলে খেলোয়াড় নাই’

যাত্রাবাড়ীর সমাবেশেও আওয়ামী লীগের নেতারা বিএনপির কঠোর সমালোচনা করেন। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারে আছে, থাকবে, জনরায় নিয়েই থাকবে।

বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনারা যতই হুমকি দেবেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তত বেশি সুসংগঠিত হবেন।’

বিএনপির কথায় আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না বলে উল্লেখ করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

যাত্রবাড়ীর সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদসহ অন্য নেতরা। তাঁদের মধ্যে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যদি নির্বাচন বর্জন করে তাহলে দেখতে পাবে, তাদের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করছে। ফাইনাল খেলার আগেই দেখবে দলের মধ্যে খেলোয়াড় নাই। খেলোয়াড়েরা সবাই অন্য দলে যোগদান করেছে। কিংবা নতুন প্ল্যাটফর্ম করে নির্বাচনে অংশগ্রহণ করছে।’