ফেব্রুয়ারির মধ্যে সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সিপিবির কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গত শুক্রবার শুরু হওয়া এই সভা শেষ হয় গত রোববার
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধারসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কর্মসূচির মধ্যে রয়েছে ‘বিক্ষোভ সপ্তাহ’ ও পক্ষকালব্যাপী ‘গণজাগরণ অভিযাত্রা’।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গত শুক্রবার শুরু হওয়া এই সভা শেষ হয় গত রোববার। এরপর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, সভায় দুঃশাসন হটানো, ব্যবস্থা বদলানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা এবং পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ ও দোষীদের শাস্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দেশে সাম্রাজ্যবাদী বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সভা-সমাবেশ, বিক্ষোভ ও পদযাত্রার কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ভোট ও ভাতের অধিকার আদায়, দেশ ও মানুষ বাঁচাতে সারা দেশে পক্ষকালব্যাপী ‘গণজাগরণ অভিযাত্রা’ কর্মসূচিরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ জানুয়ারি পল্টন হত্যা দিবসে ঢাকাসহ দেশের সব জেলা সদরে সভা-সমাবেশ ও বিক্ষোভ সফল করার জন্যও সভায় আহ্বান জানানো হয়েছে।

সভা-সমাবেশে বাধাদান, গণতান্ত্রিক অধিকার খর্ব করা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাসের আবারও মূল্যবৃদ্ধির অপচেষ্টা, কৃষি উৎপাদন খরচ বেড়ে যাওয়া, শ্রমিকের ন্যূনতম জাতীয় মজুরি অন্তত ২০ হাজার টাকা নির্ধারণ না করা, ক্ষেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা না থাকা, বেকারত্ম বৃদ্ধি ও সমাজে নৈরাজ্য-অস্থিরতার বিষয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দুঃশাসনের অবসানের সঙ্গে ব্যবস্থা বদল ছাড়া এসব সমস্যার সমাধান করা যাবে না।

আরও পড়ুন

সভায় আরও বলা হয়, দুঃশাসনের সুযোগে সাম্প্রদায়িক ও বিরাজনীতিকরণের অপশক্তি এবং বিদেশি আধিপত্যবাদী শক্তি দেশে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। এর অবসানে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক শক্তির বিকল্প সমাবেশ গড়ে তুলতে হবে। এ জন্য সব বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

কেন্দ্রীয় কমিটির সভার শেষ দিন সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। কেন্দ্রীয় কমিটির সভায় চিকিৎসক ফজলুর রহমানকে সিপিবির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়। এ ছাড়া ১০ জন কেন্দ্রীয় সংগঠক নির্বাচন করা হয়।

আরও পড়ুন