অর্থ ও পেশিশক্তির বাইরে পরিচ্ছন্ন রাজনীতি করা সম্ভব: তাসনিম জারা
বাংলাদেশে প্রচলিত অর্থ ও পেশিশক্তির রাজনীতির বাইরে একটি পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতির মডেল তৈরি করা সম্ভব বলে মনে করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বলেছেন, নির্বাচনে জিততে কোটি কোটি টাকা খরচ আর পেশিশক্তির প্রদর্শনী নয়, বরং ভোটারদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও আস্থাই সবচেয়ে বড় শক্তি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মুগদাপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তাসনিম জারা এসব কথা বলেন।
ফুটবল প্রতীকের এই প্রার্থী তাঁর নির্বাচনী ভাবনায় শিক্ষা সংস্কার, নাগরিক ভোগান্তি নিরসন ও প্রচারণার নতুন কৌশল তুলে ধরেন। নির্বাচনী প্রচারকে জনগণের জন্য সহনীয় রাখতে কোনো শোডাউন বা লাউডস্পিকার ব্যবহার করছেন না বলে জানান তাসনিম জারা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে চান বলে জানান তাসনিম জারা। সে জন্য প্রচারে ‘ম্যাজিক ফাইভ’ কৌশল নিয়েছেন।
উদ্ভাবনী কৌশল ‘ম্যাজিক ফাইভ’ সম্পর্কে তাসনিম জারা বলেন, ‘ঢাকা-৯ আসনে জয়ের জন্য আনুমানিক ১ লাখ ৫০০ ভোট প্রয়োজন। আমাদের ৩০০ জন ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) যদি পরিচিত ৫ জন মানুষকে ৫ মিনিটের ফোনকলে নতুন ও পরিচ্ছন্ন রাজনীতির পক্ষে উদ্বুদ্ধ করতে পারেন, তবেই বিজয় সম্ভব।’
ফুটবল প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী জানান, ইতিমধ্যে প্রায় ১৫ হাজার ভলান্টিয়ার অনলাইনে তাঁর সঙ্গে যুক্ত হয়ে এই কার্যক্রম শুরু করেছেন।
শিক্ষা ও দক্ষতার বৈশ্বিক মান
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাসনিম জারা বলেন, ‘বিগত বছরগুলোতে শিক্ষা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে, কিন্তু আমাদের সন্তানদের বিশ্ববাজারের উপযোগী করা সম্ভব হয়নি।’
এই স্বতন্ত্র প্রার্থী জানান, তাঁর ইশতেহারে স্কুলগুলোতে আধুনিক সায়েন্স ল্যাব ও ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বর্তমান সময়ের অপরিহার্য দক্ষতা এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) কথাও উল্লেখ রয়েছে।
নাগরিক সেবা ও জবাবদিহি
এলাকার গ্যাস-সংকট ও রাস্তাঘাটের অব্যবস্থাপনা নিয়ে নাগরিকদের ক্ষোভ রয়েছে বলে উল্লেখ করেন এই নারী প্রার্থী। তিনি বলেন, ‘তিতাস গ্যাস না দিতে পারলে মানুষ বিল দেবে না—এই আইনের পক্ষে আমি কাজ করব। পাশাপাশি সিটি করপোরেশন, ওয়াসা ও তিতাসের কাজের মধ্যে সমন্বয় আনতে একটি নির্দিষ্ট ‘ডেডলাইন’ বা সময়সীমা নির্ধারণ করার ক্ষেত্রে কাজ করব।’
রাস্তাঘাট খোঁড়াখুঁড়ির কারণে জনগণের বছরের পর বছর ভোগান্তি বন্ধে কঠোর জবাবদিহি নিশ্চিত করার কথাও বলেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র এই প্রার্থী।
তাসনিম জারা বলেন, ‘নির্বাচনের আগে কয়েক কোটি টাকা খরচ করলে নির্বাচনের পরে সেই টাকা তুলতে দুর্নীতি ছাড়া পথ থাকে না। আমরা প্রমাণ করতে চাই যে অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়েও নির্বাচন করা এবং জেতা সম্ভব।’
ফুটবল প্রতীকের প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এই স্বতন্ত্র প্রার্থীকে আশাবাদী করে তুলছে বলে জানান তিনি।