শেখ হাসিনার উন্নয়ন অতীতের শোনা কিস্সা–কাহিনির মতো: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘দেশের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার মানুষকে ভাতা সুবিধা দিয়ে আসছে। এই সুবিধা আর কেউ নয়, জনগণের সরকার, নৌকা মার্কার সরকার শেখ হাসিনা দিচ্ছে। শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন অতীতের শোনা কিস্সা-কাহিনির মতো মনে হয়।’
আজ রোববার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আওতায় উপকারভোগীদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হাছান মাহমুদ তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার সরকার, এরশাদ সরকার ও তত্ত্বাবধায়ক সরকার ছিল। সে সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ফ্যামিলি কার্ড এবং করোনার সময় মুঠোফোনে টাকা প্রদান এসব ছিল না। মনে আছে আপনাদের, শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিল বলে খালেদা জিয়া এসব বন্ধ করে দিয়েছিল। ঠিক তেমনি শেখ হাসিনা এখন যে ভাতা দিচ্ছে পরবর্তী নির্বাচনে অন্য কেউ ক্ষমতায় আসলে তা বন্ধ করে দেবে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আপনারা যে টাকা জমা দেন, সরকার তার দেড় থেকে দ্বিগুণ টাকা লাভ দিচ্ছে। আমাদের সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আরও বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।’
উপজেলার ধামাইরহাট ভিএইড পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার, স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের, মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও মো. রাশেদ প্রমুখ।