এনসিপির নারী সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে মনিরা বাদ, মাহমুদা–নুসরাতের ‘পদোন্নতি’
আত্মপ্রকাশের সাড়ে সাত মাসের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এই পরিবর্তনের মধ্য দিয়ে মূলত সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে মনিরা শারমিনকে বাদ দেওয়া হয়েছে। আহ্বায়কের পদ থেকে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে। তিনি আগের কমিটিতে ছিলেন সদস্যসচিব।
আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম। তিনি আগের কমিটিতে ছিলেন মুখ্য সংগঠক (তৃতীয় শীর্ষ পদ)।
আজ রোববার দুপুর সোয়া ১২টার পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নারীশক্তির তিন সদস্যের নতুন আংশিক কমিটি প্রকাশ করা হয়। এতে এনসিপির সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য মাহমুদা ও নুসরাতের সঙ্গে সংগঠনটির (নারীশক্তি) মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মনজিলা ঝুমাকে।
গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ করে। প্রথমে সংগঠনের আহ্বায়ক পদে মনিরা, সদস্যসচিব পদে মাহমুদা ও মুখ্য সংগঠক পদে নুসরাতের নাম ঘোষণা করা হয়।
এরপর গত ১৮ এপ্রিল সংগঠনের ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আজ সেই কমিটি ভেঙে দেওয়া হলো। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হলো। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হলো।
গত এপ্রিলে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রথমে মনিরা ও মাহমুদার নাম দলীয়ভাবে চূড়ান্ত করেছিল এনসিপি। কিন্তু নির্বাচন কমিশনের (ইসি) বাছাইয়ে মনিরার মনোনয়নপত্র বাতিল হয়। নুসরাতও সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের পরে জমা দিতে যাওয়ায় প্রথমে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে নুসরাতের মনোননয়নপত্র গ্রহণ করে ইসি। শেষ পর্যন্ত তিনি সংসদ সদস্য হন।
‘এটি দলের সিদ্ধান্ত’
মনিরা নারীশক্তির শীর্ষ নেতৃত্ব থেকে বাদ পড়লেও তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। মাহমুদা ও নুসরাতও এনসিপিতে একই পদে রয়েছেন। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়া মনজিলা এনসিপির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।
নারীশক্তির দায়িত্ব ছাড়তে মনিরা নিজ থেকেই এনসিপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্প্রতি কথা বলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সূত্রের ভাষ্য, মনিরার সঙ্গে মাহমুদা ও নুসরাতের সমন্বয় ঠিকভাবে হচ্ছিল না। এর ফলে সংগঠনের কার্যক্রমে একধরনের স্থবিরতা তৈরি হয়।
এ বিষয়ে জানতে চাইলে মনিরা প্রথম আলোকে বলেন, ‘এটি দলের সিদ্ধান্ত। দলের পক্ষ থেকে আমাকে হয়তো অন্য কোনো দায়িত্বের জন্য বিবেচনা করা হচ্ছে। আমাদের দুজন নারী সংসদ সদস্য নারীশক্তির শীর্ষ নেতৃত্বে এসেছেন। তাঁদের প্রতি আমার শুভকামনা থাকবে।’