জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স আ্যাকাউন্ট হ্যাকড
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলের আ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। মঙ্গলবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকড হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টে (এক্স হ্যান্ডল) সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকিংয়ের পর দুর্বৃত্তরা ওই আইডি থেকে আপত্তিকর পোস্ট দেয়।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াত নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে...ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করেছে।’
ঘটনার বিবরণ দিয়ে বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টা ৩ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টটিতে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার সঙ্গে সঙ্গে তা মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, দুষ্কৃতকারীরা যতই ষড়যন্ত্র করুক, দ্রুতই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এই গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।