বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকায় বিক্ষোভ
ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। তাঁরা ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আনোয়ারুজ্জামানকে প্রার্থী করার দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কারওয়ান বাজার হয়ে সোনারগাঁও সার্ক ফোয়ারার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি ঢাকা সিটি করপোরেশনের এ এলাকার সাবেক কাউন্সিলর।
গত সোমবার বিএনপি প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে। সেখানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলমকে (নীরব) প্রার্থী ঘোষণা করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর মহানগর উত্তরের কমিটি ভেঙে দেওয়া হয়। এখন তাঁকে প্রার্থী ঘোষণা করায় দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বড় একটি অংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।