আটটি পেট্রলপাম্প ঘুরে তেল পাননি, সংসদকে জানালেন সালাহ উদ্দিন আইউবী
জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেছেন, নিজে আটটি পাম্প ঘুরেও তেল পাননি। ভাড়া করা গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে। অথচ সরকারিভাবে বলা হচ্ছে, তেলের সংকট নেই।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সালাহ উদ্দিন আইউবী এ কথা বলেন।
গাজীপুর-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘তেলসংকটের জন্য আমি একটি ভাড়া গাড়ি ব্যবহার করতাম সংসদে আসার জন্য। ভেবেছিলাম, ঢাকায় এসে তেল পাব। আটটি পাম্প ঘুরে তেল না পেয়ে গাড়ি রেখে লোকাল গাড়িতে করে সংসদে এসেছি। সেদিন মাননীয় তেলমন্ত্রী সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করে বলেছেন, বাংলাদেশে নাকি তেলের সংকট নেই। আমি আশ্চর্য হয়েছি, নিজে ঘুরে কী দেখে আসলাম, আর এখানে এসে কী শুনলাম।’
সালাহ উদ্দিন আইউবী বলেন, কাপাসিয়ার ওপর দিয়ে গ্যাস গেলেও এলাকায় গ্যাস–সংযোগ নেই। তাই শিল্প গড়ে ওঠেনি, কর্মসংস্থানসংকট থেকে যুবকেরা মাদকের দিকে ঝুঁকছেন। মাদক দমন অভিযানের আহ্বান জানান তিনি।
সালাহ উদ্দিন আরও বলেন, ১ হাজার ৭৪২ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ১ হাজার ১৬০ কিলোমিটারই কাঁচা। বর্ষায় এতে জনদুর্ভোগ বাড়ে। শীতলক্ষ্যা নদীর ওপর কাপাসিয়ার একমাত্র সেতুতে নির্মাণ ব্যয়ের চার গুণের বেশি টাকা উঠে গেলেও টোল বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
ঝালকাঠিতে নদীভাঙন রোধে বিশেষ প্রকল্প নেওয়ার দাবি
ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, আইলা, সিডর ও জলোচ্ছ্বাসে তাঁর এলাকার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হন। নদীর পানির সঙ্গে লবণাক্ততা বাড়ে, ঘরবাড়ি ভাঙে, মানুষ নিঃস্ব হয়। এ অবস্থায় ঝালকাঠিতে নদীভাঙন রোধে বিশেষ প্রকল্প নেওয়ার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, তাঁর এলাকায় বড় কোনো শিল্পকারখানা নেই। নদী ও খালনির্ভর এ অঞ্চলের বহু খাল ভরাট হয়ে গেছে। সরকার নতুন উদ্যোগে খাল কাটার কাজ শুরু করায় মানুষ আশাবাদী বলেও উল্লেখ করেন তিনি।
অতিরিক্ত টাকা ছাপানোর প্রভাব এখনকার মূল্যস্ফীতিতে
চাঁদপুর-২ আসনের বিএনপির সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, দেশে এখন মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ সরাসরি তার চাপ অনুভব করছেন। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমছে, টাকার মান পড়ছে, স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষের জীবন কঠিন হয়ে উঠছে। তাঁর ভাষায়, মূল্যস্ফীতি বাড়লে আয়ের বৈষম্য বাড়ে, সঞ্চয়ের মূল্য কমে যায়, মানুষ সঞ্চয়ে আগ্রহ হারায়, উৎপাদন খরচ ও আমদানি ব্যয় বাড়ে, বাণিজ্যঘাটতি বাড়ে এবং খাদ্যনিরাপত্তাও হুমকিতে পড়ে। অতিরিক্ত টাকা ছাপানোর অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, ‘৬০ হাজার কোটি’ টাকা অতিরিক্ত মুদ্রণ করা হয়েছিল এবং এর প্রভাব এখনকার মূল্যস্ফীতিতে পড়েছে। এ কাজে জড়িত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষমতাকেন্দ্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন
সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রপতির পদে যিনি থাকবেন, তিনি সব দল, মত ও সম্প্রদায়ের আস্থার প্রতীক হওয়া উচিত। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাকেন্দ্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। নিজের এলাকার প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন তাঁর নির্বাচনী এলাকার বড় অংশজুড়ে রয়েছে এবং প্রায় ৪০ শতাংশ মানুষ সুন্দরবননির্ভর। জেলে, বাওয়ালি ও মৌয়ালরা জলদস্যুদের ঝুঁকিতে থাকেন। বিশেষ করে মধু আহরণ মৌসুমে যৌথ বাহিনীর অভিযান বাড়ানোর দাবি জানান তিনি।
মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির সদস্য কামরুজ্জামান রতন নির্বাচনের পর একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ঘটনাটি ঘিরে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্ত দাবি করেন।
রাজশাহী-৬ আসনের বিএনপির সদস্য মো. আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহীর আমকে কেন্দ্র করে শিল্প ও সংরক্ষণভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা দরকার। কৃষিপ্রধান এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও জানান।
আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের এস এ জিন্নাহ কবীর, চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র সদস্য আবদুল হান্নান, রাজশাহী-৫ আসনের নজরুল ইসলাম, ঠাকুরগাঁও-২ আসনের আবদুস সালাম, কুমিল্লা-৯ আসনের আবুল কালাম।