যুগপৎ কর্মসূচি ঘোষণার পরপরই গ্রেপ্তার করা হয় জামায়াত আমিরকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ‘যুগপৎ আন্দোলন’ কর্মসূচি ঘোষণার পরপরই জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম (মাসুদ)। আজ বুধবার রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ দাবি করেন।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম বলেন, দেশের জনগণের স্বার্থে ১০ দফা যুগপৎ কর্মসূচি ঘোষণার পরপরই আমিরে জামায়াতকে গ্রেপ্তার করা হয়। দেশপ্রেমিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী যেন সরকারের ‘অপকর্মে’ কোনো বাধা দিতে না পারে, তাই পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

শফিকুল ইসলাম আরও বলেন, মূলত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী যাতে কোনো আন্দোলন করতে না পারে, সে ভয়েই ‘অবৈধ সরকার’ জামায়াতের আমিরসহ জাতীয় নেতাদের বন্দী করে রেখেছে।

শফিকুর রহমানসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে সকালে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকা থেকে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত এ বিক্ষোভ মিছিল করে। মিছিল খিলগাঁও তালতলায় যাওয়ার পর সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে শফিকুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন।

দলের আমির ছাড়াও নায়েবে আমির শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের মুক্তির দাবি জানান জামায়াতের এই কর্মপরিষদ সদস্য।

শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, অবিলম্বে আমিরে জামায়াতসহ জাতীয় নেতাদের মুক্তি দিন। নতুবা আপনাদের পতন নিশ্চিত করে তাঁদের মুক্ত করা হবে। এই ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকার জনগণের ওপর একের পর এক অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। জনগণের ওপর সব অন্যায় ও জুলুমের দাঁতভাঙা জবাব দিতে আমরা রাজপথে আছি।’

মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন, কর্মপরিষদ সদস্য মোকাররম হোসাইন ও মোহাম্মদ এস রহমান, ছাত্রশিবিরের মহানগর দক্ষিণ শাখার সভাপতি তৌহিদুল হক, পূর্ব শাখার সেক্রেটারি তাকরিম হাসান প্রমুখ।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে সরকার পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। ওই দিন রাতেই জামায়াতের আমির শফিকুর রহমান পৃথক ১০ দফা দাবি ঘোষণা করে যুগপৎ এ আন্দোলনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

এর দুই দিন পর শফিকুর রহমানকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। পরে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, জামায়াতের আমিরকে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত।