লোকে লোকারণ্য আওয়ামী লীগের সমাবেশস্থল
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ দিকের সড়কে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে বেলা আড়াইটা থেকে। বিকেল সাড়ে চারটার দিকেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থল আসছেন।
সরেজমিনে দেখা যায়, বেলা যত বাড়ছে নেতা-কর্মীদের উপস্থিতিও তত বাড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি এই সমাবেশে কেরানীগঞ্জে, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, সাভার, আশুলিয়া ও গাজীপুর থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী এই সমাবেশে অংশ নিয়েছেন।
বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাগ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ।
সরেজমিনে আরও দেখা যায়, বায়তুল মোকাররমে জাতীয় মসজিদের দক্ষিণ ফটক সংলগ্ন সভা মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চ থেকে পশ্চিম দিকে জিরো পয়েন্ট হয়ে সচিবালয়ের প্রধান ফটক পর্যন্ত দুই দিকের সড়কে হাজারো নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। অন্যদিকে সভামঞ্চ থেকে গুলিস্তানের কাজী বশীর উদ্দিন মিলনায়তন (মহানগর নাট্যমঞ্চ) পর্যন্ত দুই পাশের সড়কে নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে গেছে। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ লাগোয়া পশ্চিম পাশের সড়কেও নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। জিরো পয়েন্ট থেকে পুরানা পল্টন অভিমুখী সড়কেও ব্যানার ফেস্টুন নিয়ে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
বেলা পৌনে চারটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সভা মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এখনো মঞ্চে এসে পৌঁছাননি।