নারী ভোটারের উপস্থিতি কম, তিন কেন্দ্রে সাড়ে চার ঘণ্টায় ২ শতাংশের কম ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের চিত্র। দুপুর ১২টা, ১৭ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ

সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা—এই সাড়ে চার ঘণ্টায় নারী ভোটারদের তিনটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৩৯টি। এসব কেন্দ্রে মোট নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৮২৮। অর্থাৎ, সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে ২ শতাংশেরও কম।

আজ সোমবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ ভোটকেন্দ্রে গিয়ে এই চিত্র দেখা গেছে। স্কুলটিতে নারীদের ৭২, ৭৩ ও ৭৪ নম্বর কেন্দ্র রয়েছে।

কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা বলছেন, ‘গুলশান–বনানী এলাকা হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হচ্ছে কি না, বুঝতে পারছেন না। সকাল থেকে ভোটারদের উপস্থিতি একেবারে কম। এর মধ্যে নারী ভোটার হাতে গোনা; দুই–একজন আসছেন।’

আরও পড়ুন

বনানী বিদ্যানিকেতন স্কুলের উত্তর পাশের ভবনের নিচতলায় নারী ভোটারদের ৭২ নম্বর কেন্দ্র। কেন্দ্রটির ১ থেকে ৫ নম্বর বুথে দুপুর সাড়ে ১২টার মধ্যে যথাক্রমে ৭, ১০, ৫, ৩ ও ৪টি ভোট পড়েছে।

৫ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ‘নারী ভোটার একদম কম আসতেছে। এর কারণ কী, বুঝতে পারছি না। কেন্দ্রটিতে ২ হাজার ৬২৫ জন ভোটার রয়েছেন।’

নারীদের ৭৩ নম্বর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৫২৭ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই কেন্দ্রের পাঁচটি বুথে ভোট পড়েছে মাত্র ৬৮টি। এর মধ্যে কেন্দ্রটির ৩ নম্বর বুথে ভোট পড়েছে মাত্র ৫টি।

ভোটার নেই, অলস বসে আছেন নির্বাচনী কর্মকর্তারা। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ১৭ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
আরও পড়ুন

এ ছাড়া ৭৪ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে ৪৬টি। কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৬৭৬। ওই কেন্দ্রের ৩ নম্বর বুথে সাড়ে চার ঘণ্টায় মাত্র ৪টি ভোট পড়েছে। কেন্দ্রটির ১ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘ভোটার এলে তবু একটু ভালো লাগে। সকাল থেকে একেবারে ভোটার ছিল না। এখন তবু (দুপুরের দিকে) কিছু ভোটার আসতেছে।’

ভোটার না থাকায় নারী কেন্দ্রের বুথগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অলস বসে থাকতে দেখা গেছে। কেউ কেউ স্কুলের বেঞ্চে মাথা ঠেকিয়ে বিশ্রামও নিচ্ছিলেন। আবার অনেক বুথে ভোটার না থাকায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। যেন ভোটারের জন্য অপেক্ষা।

ভোট দিচ্ছেন এক ভোটার। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ১৭ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
আরও পড়ুন

তবে নারীদের তুলনায় পুরুষ ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি দেখা গেছে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পুরুষ ভোটকেন্দ্র রয়েছে ৪টি—৬৮, ৬৯, ৭০ ও ৭১ নম্বর। এসব কেন্দ্রে মোট ভোটার ১০ হাজার ৩৮ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৪৭৫টি। শতকরা হিসেবে যা পৌনে ৫ শতাংশের মতো।

পুরুষ ভোটারদের ৬৮ নম্বর কেন্দ্রে ২ হাজার ৫১৭ ভোটের বিপরীতে ১১৬টি ভোট, ৬৯ নম্বর কেন্দ্রে ২ হাজার ৫১৯ ভোটারের বিপরীতে ১৩৫, ৭০ নম্বর কেন্দ্রে ২ হাজার ৪১৯ ভোটারের বিপরীতে ১১৪ এবং পুরুষ ৭১ নম্বর কেন্দ্রে ২ হাজার ৪৮৩ ভোটের বিপরীতে ১১০টি ভোট পড়েছে।

৬৯ নম্বর কেন্দ্রের ৫ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘১৫ থেকে ২০ মিনিট পরপর এক–দুজন করে আসতেছে। শুনেছি এই এলাকায় সব সময়ই ভোট কম কাস্ট হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন একটু একটু আসতেছে।’

আরও পড়ুন