জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে প্রধানমন্ত্রীর প্রতি চরমোনাই পীরের আহ্বান
জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘চব্বিশে (২০২৪ সালে) হাজার হাজার জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তা এখন ফিকে মনে হচ্ছে। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন। জনগণের মৌলিক চাহিদাসমূহ পূরণে যথাযথ পদক্ষেপ নিন। নয়তো জনগণের সহযোগিতা পাবেন না।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এ কথা বলেন।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে লাখ লাখ মানুষ স্বাধীনতাযুদ্ধে জীবন দিয়েছে, সেটি পূরণ হয়নি। স্বাধীনতার ৫৫ বছরে যারাই ক্ষমতায় ছিল তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। আজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে।
বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ যারা দেশ পরিচালনা করেছে, তাদের নীতি আদর্শের মাধ্যমে দেশে শান্তি আসেনি বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, সন্তানহারা মায়েদের চিৎকার বন্ধ হয়নি। দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয়নি। নির্বিচার জেলে পড়ে থাকা বন্ধ হয়নি। এসব নীতি-আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র ইসলামই মানুষকে দুনিয়া এবং আখিরাতে শান্তির পথ দেখাতে পারে।
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যার নিন্দা জানিয়ে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, একটা তরতাজা প্রাণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের উপদেষ্টা এবং সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, দলের মহাসচিব গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, নেছার উদ্দীন, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, লোকমান হোসাইন জাফরী, রেজাউল করীম আবরার প্রমুখ।
সম্মেলন শেষে আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করে ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর।