মোদির যুক্তরাষ্ট্র সফরে শেখ হাসিনা সরকারের কোনো লাভ হয়নি: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরে আওয়ামী লীগ সরকারের জন্য কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মোদির যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গ টেনে আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকার ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এই সমাবেশ হয়।

সমাবেশে সংগঠনের নুরুল আমিন ভূইয়া বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি নেতা সরফত আলী, নবী উল্লাহ, যুবদলের খন্দকার এনামুল হক প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকারের যে অবস্থা, তারা বাঘের লেজ দিয়ে কান খোঁচায়। শেখ হাসিনা পদত্যাগ যে করবেন, কার কাছে ক্ষমতা দেবেন, লোকটাকে খুঁজে পাচ্ছেন না। ক্ষমতা দিয়ে কোন দেশে যাবেন, দেশটাও খুঁজে পাচ্ছেন না। পাশের দেশে গেলে একাত্তর সালের মতো শরণার্থী হিসেবে যেতে পারবেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার ভেবেছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা যাবেন, এই অছিলায় একটা ম্যানেজ করবেন। কিন্তু মোদি নিজের গদি রক্ষা করবেন, নাকি শেখ হাসিনার গদি রক্ষা করবেন? তাঁরই তো সমস্যার শেষ নেই। তিনি আবার কার জন্য সুপারিশ করবেন? মনে হয় কোনো লাভ হয়নি।’

বিএনপি পুলিশ কর্মকর্তাদের কোনো তালিকা করছে না বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘পুলিশের শতকরা ৯৮ শতাংশ ভালো। যারা খারাপ তাদের তালিকা বিভিন্ন দেশে আছে। সে সংখ্যা ৫০ জনের মতো হতে পারে।’ পুলিশের এই কর্মকর্তাদের কোনো দেশ আশ্রয় দেবে না বলে দাবি করেন তিনি।
সরকার স্বৈরতন্ত্র শেষ করে এখন মাস্তানতন্ত্র চালু করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।