ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা ও প্রতিবাদ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও জাতীয় মুক্তি কাউন্সিল। শনিবার পৃথক বিবৃতিতে রাজনৈতিক দলগুলো এই প্রতিবাদ এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানায়।
ইরানে হামলার নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ এক বিবৃতিতে বলেছেন, মিথ্যা অজুহাত ও অসৎ উদ্দেশ্যে এই হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি কলঙ্কজনক দৃষ্টান্ত তৈরি করেছে। অবিলম্বে এই হামলা বন্ধসহ যুদ্ধবিরতির উদ্যোগ নিতে তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
ইউনুস আহমাদ আরও বলেন, ইরানের অর্ধশতাধিক শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি নিন্দা প্রস্তাব আনতেও জাতিসংঘের প্রতি দাবি জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে এই অযৌক্তিক হামলার নিন্দা এবং যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইরানে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে খেলাফত মজলিস। শনিবার দুপুরে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক নির্বাহী বৈঠকে দলটি এই উদ্বেগ জানায়। এক সংবাদ বিজ্ঞপ্ততিতে দলটি বলেছে, পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছে, তা শান্তিকামী সব মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এ হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। গোটা মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলেছে।
ইরানে হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এক বিবৃতিতে অবিলম্বে এই অন্যায্য যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোসর ইসরায়েলি জায়নবাদ ইরানে যে সামরিক হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক আইন, মানবতা ও ন্যায়বিচারের পরিপন্থী। এই আগ্রাসন বিশ্বশান্তির জন্য ভয়াবহ হুমকি।
যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ এক বিবৃতিতে বলেছে, এই হামলায় যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করছে। কার্যত যুক্তরাষ্ট্রের সহযোগী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও এই অন্যায় যুদ্ধে শামিল হয়ে বিশ্বমানবতার দুশমন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষে ভূমিকা পালন করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও বিপজ্জনক।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেছেন, এই হামলা শুধু ইরানের জনগণের ওপর নয়, বরং বিশ্বের সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও ইহুদিবাদবিরোধী স্বাধীনতাকামী জনগণের ওপর এক নগ্ন হামলা।
এসবের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্তর্জাতিক ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলার ঐতিহাসিক দায়িত্ব ও কর্তব্য এখন সামনে এসেছে বলেও মন্তব্য করেন ফয়জুল হাকিম। এই হামলার প্রতিবাদে ২ মার্চ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
উল্লেখ্য, শনিবার সকালে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।