গাজায় ইসরায়েলের হামলায় নিন্দা বাম গণতান্ত্রিক জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার জোটের নেতাদের এক বিবৃতিতে বলা হয়, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে, তা নজিরবিহীন। ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নগ্নভাবে অব্যাহত হামলা চালিয়ে বর্তমান ইসরায়েলি সরকার মধ্যপ্রাচ্যে মার্কিনি নয়া যুদ্ধ ফ্রন্ট হিসেবে আবির্ভূত হচ্ছে।

বাম নেতারা অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিদাতারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্যালেস্টাইনের জনগণ পূর্ণ সমর্থন দিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার এই ঘটনায় নিন্দা না জানিয়ে ইসরায়েল ও মার্কিনের প্রতি নমনীয় মনোভাবের পরিচয় দিয়েছে, যা বাংলাদেশের ঘোষিত নীতির পরিপন্থী।

বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলা, নির্বিচার হত্যাকাণ্ড, মার্কিন সমরাস্ত্র সরবরাহ ও নৌবহর পাঠানো এবং আওয়ামী সরকারের নতজানু ভূমিকার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ১১ অক্টোবর বিকেল সাড়ে চারটায় পুরানা পল্টন মোড়ে এক প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ঘোষণা করে।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।