ভোটের আগে–পরে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান বিষয়ে ইসির বিধিনিষেধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় অবস্থান–সংক্রান্ত কিছু বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে ব্যবস্থা নিতে সব পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ইসি আজ সোমবার চিঠি দিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।
অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগত ব্যক্তিদের অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।