যুবলীগের নেতা–কর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে থাকার নির্দেশ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা–কর্মীরা আগামীকাল শনিবার থেকে সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি জানান, যুবলীগের নেতা–কর্মীরা শনিবার থেকে নির্বাচনের আগ পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে, মাঠে-ময়দানে থাকবেন।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ শিরোনামে এক সমাবেশে যুবলীগের চেয়ারম্যান এসব কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর শাখা।
আগামীকাল শনিবার বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে। আওয়ামী লীগের সমাবেশে যুবলীগের নেতা–কর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার কথা জানান শেখ ফজলে শামস।
আওয়ামী লীগের আগামীকালের সমাবেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘কোনো অনির্বাচিত, অসাংবিধানিক সরকারকে যাতে কেউ ক্ষমতায় বসাতে না পারে, সেদিকে আমাদের প্রত্যেক নেতা–কর্মী সোচ্চার ও সজাগ থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে একটা প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামীকাল বেলা ১১টার মধ্যে উপস্থিত হতে নেতা–কর্মীদের নির্দেশ দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান। আজকের সমাবেশে নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যাঁরা যে ওয়ার্ডে বাস করেন, সেই ওয়ার্ডে যুবলীগের একটা করে বাহিনী প্রস্তুত রাখবেন। যদি কোনো ওয়ার্ডে গিয়ে তারা (বিএনপি) কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে চায়, সেখানে তাদের প্রতিহত করতে হবে।’
বিএনপি সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে জনগণের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন মাঈনুল হোসেন খান। তিনি বলেন, ‘বিএনপি সন্ত্রাসীদের নিয়ে মাঠে নেমেছে, অগ্নিসন্ত্রাসীদের নিয়ে মাঠে নেমেছে, রগকাটা বাহিনী নিয়ে মাঠে নেমেছে। তাদের উদ্দেশ্য একটাই, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে গেছে তা থামিয়ে দেওয়া।’