জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপি নেতারা। আজ রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ বৈঠক হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জার্মান ফরেন মিনিস্ট্রি থেকে এক ভদ্রলোক এসেছেন, যাঁকে নিয়ে জার্মান রাষ্ট্রদূত তাঁদের কার্যালয়ে আলাপ করতে আসেন।
আলোচনার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, দ্বিপক্ষীয় একান্ত বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না।
নয়াপল্টনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে আমীর খসরু বলেন, জয়–পরাজয়, এটা তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোনো রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য সুযোগ পাবে, তখন মানুষের হাতেই থাকবে জয়–পরাজয়।
আমীর খসরু আরও বলেন, কূটনীতিকদের দায়িত্ব হচ্ছে কোনো দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ সব বিষয়ে তাঁদের প্রধান কার্যালয়ে জানানো। এ দায়িত্ব পালন নতুন কিছু নয়।
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটি চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।