ডিবি কার্যালয়ে আটক ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিন: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

জি এম কাদের বলেন, নিরাপত্তা হেফাজতের নামে ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ককে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আটকে রাখা হয়েছে। তাঁদের পরিবার ও স্বজনদের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। স্বজনেরা উৎকণ্ঠিত। অন্যদিকে ডিবি হেফাজতে থেকেই তাঁরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, সাধারণ ছাত্ররা মনে করছেন, গোয়েন্দা সংস্থা বলপূর্বক ও ভয়ভীতি প্রদর্শন করে তাঁদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করছে। এ কারণে সাধারণ ছাত্ররা আটক সমন্বয়কদের সেই ঘোষণা প্রত্যাখ্যান করেছেন। দিনের পর দিন নিরাপত্তার নামে তাঁদের আটকে রাখা আইনসম্মত নয়।

জি এম কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলন দমন করতে হেলিকপ্টার, বহুতল বাড়ির ছাদ এবং ভ্রাম্যমাণ গাড়ি থেকে জনগণের ওপর গুলি করা হয়েছে। যে কারণে মা–বাবার কোলের মধ্যে ও ঘরের বারান্দায় খেলারত অবস্থায় শিশু নিহত হয়েছে। আবার ঘরের ভেতরে কাজ করতে করতে গুলিবিদ্ধ হয়ে গৃহিণী নিহত হয়েছেন বলেও গণমাধ্যমে এসেছে। একইভাবে অসংখ্য নিরীহ পথচারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব মৃত্যুর দায়ভার সরকারকে নিতে হবে।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা প্রতিটি আহত, নিহত এবং সহিংসতার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।