এবারের বাজেট নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের মৃত্যুমুখে ঠেলে দেবে: এবি পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানিসংকট এবং প্রহসনের বাজেটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবি পার্টি
ছবি: সংগৃহীত

আগামী অর্থবছরের (২০২৩-২৪) বাজেট নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের ধীরে ধীরে মৃত্যুমুখে ঠেলে দেবে। সরকার বাজেট করেছে নিজেদের ও তাদের সিন্ডিকেটের উচ্চবিত্ত সদস্যদের স্বার্থ রক্ষায়।

আজ শুক্রবার বিকেলে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে নেতারা এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানিসংকট এবং প্রহসনের বাজেটের প্রতিবাদে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রধান বক্তা দলের সদস্যসচিব মজিবুর রহমান বলেন, দেশের মানুষের প্রয়োজন ও প্রত্যাশা সামনে রেখে বাজেট তৈরি করা হয়। কিন্তু সরকার বাজেট করেছে নিজেদের ও তাদের সিন্ডিকেটের উচ্চবিত্ত সদস্যদের স্বার্থ রক্ষায়।

মজিবুর রহমান বলেন, প্রচণ্ড গরমে মানুষ ঘুমাতে পারছে না। দুর্নীতিবাজ সরকারের লোডশেডিংয়ের যন্ত্রণায় মানুষের জীবন দুর্বিষহ। বিদ্যুৎ ও জ্বালানিসংকটে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বেশি। এখন বেশির ভাগ মানুষের সবচেয়ে বড় প্রয়োজন খেয়েপরে কোনোরকমে বেঁচে থাকা। কিন্তু সরকার এমন বাজেট করেছে, যাতে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি ধুঁকে ধুঁকে মৃত্যুমুখে পতিত হয়।

এই বাজেটের মাধ্যমে জনগণের মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে দাবি করে মজিবুর রহমান বলেন, সরকার যে কর বৃদ্ধি করেছে, তা জনগণকে ঋণগ্রস্ত করবে। বাজেটে দরিদ্র মানুষের জন্য কিছু নেই। এই অবাস্তব বাজেটের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এবারের বাজেট বরাবরের মতোই গতানুগতিক, উচ্চাভিলাষী ও লুটপাটের ধারা অব্যাহত রাখার বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে আইনজীবী তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে জ্বালানির দাম না কমানো জনগণের অধিকার হরণ ও তাদের প্রতি চরম নিষ্পেষণ। এই বাজেটে চলমান দ্রব্যের মূল্যবৃদ্ধি আরও দীর্ঘায়িত হবে। বিদ্যুৎ–সংকট চরম পর্যায়ে যাবে।

তাজুল বলেন, ‘নাগরিক হিসেবে বাজেট থেকে আমরা সচ্ছলতা ও সম্মান চাই। সরকার করছে উল্টোটা, যাদের আয় নেই, কর দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু আয়কর পরিচিতি নম্বর আছে, সরকার তাঁদের দুই হাজার টাকা কর দিতে বাধ্য করছে।’

দলের জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, এবি যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, মোহাম্মদ লোকমান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হুসেইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়।