ডানে-বামে চারদিকে ষড়যন্ত্র: মোফাজ্জল হোসেন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তব্য দেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্র বর্তমান সরকারকে উৎখাত করার চেষ্টা করছে। ষড়যন্ত্র এখন চারদিকে। ডানে ষড়যন্ত্র, বামে ষড়যন্ত্র। উন্নয়নশীল সরকারকে উৎখাত করতে খালেদা জিয়া, জামায়াত–শিবিররা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী এসব কথা বলেন। ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে প্রতিবারই তিনি (শেখ হাসিনা) রক্ষা পেয়েছেন। ষড়যন্ত্রকারী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে উৎখাত করতে হবে। ধৈর্যসহকারে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

২০২৩ সালের নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে ষড়যন্ত্রকারীদের জবাব দিতে হবে। এটি হবে আজ আমাদের শপথ।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আইনজীবী কামরুল ইসলাম। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, একাত্তরের ঘাতক, পঁচাত্তরের ঘাতক ও ২০০৩ সালের ২১ আগস্টের ঘাতকদের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। তারা একই শক্তি। তারা এখনো বাংলাদেশকে বিলীন করার ষড়যন্ত্র করছে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) বলেন, বঙ্গবন্ধু কারাগারে থেকে বঙ্গমাতাকে যেসব কৌশল, পরিকল্পনা ও নির্দেশনা দিতেন, সেগুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে নেতা-কর্মীদের কাছে পৌঁছে দিতেন। গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি বঙ্গবন্ধু ও নেতা-কর্মীদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী।