গণতন্ত্র না থাকায় গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না বাংলাদেশ: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় বক্তারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা, ঢাকা
ছবি: প্রথম আলো

দেশে গণতন্ত্র না থাকার কারণে যুক্তরাষ্ট্রে বৈশ্বিক গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ টানা দুবার আমন্ত্রণ পায়নি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিশ্ব বলছে, বাংলাদেশে গণতন্ত্র নেই। দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার দেখতে চায়।’

আজ সোমবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, যারা ক্ষমতায় আছে, তারা মুক্তচিন্তাকে স্তব্ধ করে দিতে বারবার বাধা সৃষ্টি করেছে। দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিল করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা এই সরকার যখনই সুযোগ পেয়েছে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে এত অন্যায়, এত অত্যাচার, এত লুটপাট হচ্ছে, দেশটা তলিয়ে যাচ্ছে; কিন্তু প্রকৃত তথ্য গণমাধ্যম প্রকাশ করতে পারছে না।’

গায়ের জোরে ক্ষমতায় থাকতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, সংবিধানে এটা ছিল। কিন্তু আপনারা বাতিল করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে পুনঃস্থাপন করার দাবি জানান তিনি।

রিপোর্টার্স উইদাউট বর্ডাসের মূল্যায়নের বরাত দিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘এই সংস্থার সূচকে বাংলাদেশ গণমাধ্যমের সূচকে ১০ ধাপ পিছিয়েছে। অর্থাৎ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে এই সরকার কী ধরনের ব্যবস্থা নিয়েছে, তা বিভিন্ন আইন দেখলেই বোঝা যাচ্ছে। এর উদ্দেশ্য, যাতে এ দেশের মানুষ সত্য কথা বলতে না পারে, এ দেশের মানুষ মত প্রকাশ করতে না পারে।’

গায়ের জোরে ক্ষমতায় থাকতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সংবিধানে এটা ছিল। কিন্তু আপনারা বাতিল করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে পুনঃস্থাপন করার দাবি জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানী)।