জুলাই সনদের ভাষাগত যথার্থতা পুনর্মূল্যায়ন করছে ঐকমত্য কমিশন
জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত বিশ্লেষণের পাশাপাশি সনদে অন্তর্ভুক্ত সিদ্ধান্তগুলোর ভাষাগত যথার্থতা পুনর্মূল্যায়ন করছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার এ নিয়ে জাতীয় সংসদ ভবনে নিজেদের কার্যালয়ে বৈঠক করে ঐকমত্য কমিশন।
এর আগের দিন বুধবারও বৈঠক করেছিল কমিশন। সেখানে জুলাই সনদের সমন্বিত খসড়ায় আবার সংশোধনী আনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল।
ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবারের সভায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার ওপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া মতামতগুলোর ওপর আগের দিন শুরু হওয়া অসমাপ্ত আলোচনা অব্যাহত থাকে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাওয়া মতামত বিশ্লেষণের পাশাপাশি সনদে অন্তর্ভুক্ত সিদ্ধান্তগুলোর ভাষাগত যথার্থতা পুনর্মূল্যায়ন করা হয়। এ ছাড়া সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা গ্রুপে অনানুষ্ঠানিক আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন কমিশনের সদস্যরা।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।