ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবি বিএনপির
ছাত্রদের (ছাত্রদলের নেতা) নিরাপত্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন দাবি করে তাঁর অপসারণ চেয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, যিনি ছাত্রদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, তাঁকে অপসারণের দাবি জানাচ্ছি।
আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ দাবি করেন। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। আজ দুপুরে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আহত নেতাদের দেখতে যান ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ প্রচলিত নিয়মানুযায়ী ভিসির সঙ্গে সাক্ষাতের অনুমতি নিয়ে গতকাল বিকেলে ফুলের তোড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছিল। সে সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে জঘন্যভাবে। বলা যেতে পারে, তাদের হত্যার উদ্দেশ্যে বাঁশ দিয়ে মারধর করে প্রচণ্ডভাবে। তারা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা এই জঘন্য মধ্যযুগীয় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, যিনি ছাত্রদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, তাঁকে অপসারণের দাবি জানাচ্ছি।’
মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, অনির্বাচিত আওয়ামী সরকারের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের হামলা, নিজেদের মধ্যে সংঘর্ষ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়াসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটা নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। তিনি উদাহরণ হিসেবে কয়েক দিন আগে ইডেন কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা তুলে ধরেন।
কার কাছে পদত্যাগ
‘আমরা কার কাছে পদত্যাগ করব’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নিরপেক্ষ যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, উনারা তাদের কাছে পদত্যাগ করবেন।
এর জন্য তো সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, এমন প্রশ্ন তুললে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সংবিধান সংশোধনে তাদেরই উদ্যোগ নিতে হবে। কারণ, ক্রাইসিসটা তারা ক্রিয়েট করেছে এবং দায়িত্বটাও তাদের। জনগণের দাবি যেহেতু এটা, জনগণের এই দাবি মেনে নিয়ে তাদের অবশ্যই সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। যেমন আমরা করেছিলাম ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পার্লামেন্টে পাস করে সংশোধন করেছিলাম।’
মির্জা ফখরুল ইসলাম যোগ করেন, ‘এটা আমি, আমরা কথা বলছি, এটা পার্টির সিদ্ধান্ত নয়। আমরা এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিইনি। কিন্তু এটাই হচ্ছে পদত্যাগের একমাত্র পথ।’
ডিজিটাল বাংলাদেশ তৈরির ঘোষণা অসার
সংবাদ সম্মেলনে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানানো হয়। সভা মনে করে, সরকারের ডিজিটাল বাংলাদেশ তৈরির ঘোষণা অসার প্রমাণিত হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত প্রতিবেদনে ডিজিটাল জ্ঞানে পিছিয়ে থাকার জন্য বাংলাদেশে ইন্টারনেট প্রবৃদ্ধি অন্যতম প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্যর্থতার একটা আন্তর্জাতিক স্বীকৃতি বলে স্থায়ী কমিটি মনে করে। এটি ডিজিটাল বাংলাদেশ তৈরি করার যে দাবি, তার অসারতা প্রমাণ করে।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রাথমিক শিক্ষকদের করণীয় বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্কুলার জারির নিন্দা জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এটা উদ্বেগজনক। এই সার্কুলারে এটাই প্রমাণিত হয় যে এই সরকার যে কর্তৃত্ববাদী সরকার, আমরা যে বলছি এই সরকার বাক্স্বাধীনতায় সব ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, সেটা আরও প্রমাণিত হয়েছে। এই সার্কুলার জারির মধ্য দিয়ে এখন চলমান আন্দোলনকে দমন করার ক্ষেত্রে আরেকটি নজির স্থাপন করল সরকার।’
এ ছাড়া সভায় বাংলাদেশের গুম, বিনা বিচারে হত্যা, সরকারি দমননীতি এবং নির্বাচন সম্পর্কে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য, গণখাতে ক্রয় আইন লঙ্ঘন করে ক্রয় প্রক্রিয়ায় তৃতীয় পক্ষকে যুক্ত করে বাজারমূল্যের চেয়ে বেশি দামে রাশিয়া থেকে গম আমদানি এবং তিন গুণ বাড়তি দামে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে জনস্বার্থ পরিপন্থী ভোলায় তিনটি গ্যাস কূপ খননের চুক্তি সম্পাদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থায়ী কমিটি। একই সঙ্গে পঞ্চগড়ের করতোয়া নদীদের নৌকাডুবিতে শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।