বিদেশ থেকে উসকানি দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের বাইরে থেকে উসকানি দিয়ে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ড করে দেশে ফেরার পরিস্থিতি তৈরি করা যাবে না।
আজ বুধবার সকালে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ কথা বলেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষকে বোমাবাজি কিংবা বিদেশ থেকে উসকানি দিয়ে দমন করা সম্ভব নয়। যাঁরা দেশের বাইরে থেকে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে, তাদের বুঝতে হবে, এ দেশের মানুষ গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন।
১৭ বছর ধরে দেশের গণতান্ত্রিক শক্তিগুলো আন্দোলন-সংগ্রাম করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থী, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। অনেকে আত্মত্যাগ করেছেন। তাঁদের সেই আত্মত্যাগের স্মৃতি এখনো মানুষের মন থেকে মুছে যায়নি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বক্তব্যে তিনি বলেন, মাওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের পথ দেখিয়েছেন। বাংলাদেশ কোনো দেশের দয়া বা উপহার হিসেবে স্বাধীন হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।
শামসুজ্জামান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না। দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আগ্রাসী তৎপরতা বিএনপি বরদাশত করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিপদে ফেলার কিংবা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মাওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক, বিএনপির স্বেচ্ছাসেবক–বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল, ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।