নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় এলাকায় নেতাকর্মীদের ভিড়। ২৮ মার্চছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আসবেন তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে আজ শনিবার বিকেলে দলীয় কার্যালয় এলাকায় নেতা–কর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা–কর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।

আজ বিকেলে সরেজমিনে পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় এলাকা ঘুরে দেখা গেছে সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নিয়েছেন নেতা–কর্মীরা। তাঁদের কারও কারও হাতে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সব কটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাঁরা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছিলেন।

বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীদের ঝটিকা মিছিল করতেও দেখা যায়। এ সময় কথা হয় কোতোয়ালি থানার ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. আসাদুল্লাহর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী আজকে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন। দুপুর থেকেই তাঁর অপেক্ষায় রয়েছি।’

উত্তরা থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী মনিরুল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আসবেন। তাঁকে একনজর দেখতে সকাল থেকে এখানে আছি।’

সড়কে নেতাকর্মীদের ভিড় থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে নয়াপল্টনের সড়কে। ২৮ মার্চ
ছবি: প্রথম আলো

দলীয় পদ–পদবি নেই, তবে বিএনপির সমর্থক এমন অনেকেও এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে। তেমনই একজন রাজধানীর মালিবাগ এলাকার বাসিন্দা শামসুল হক। নিজেকে তিনি বিএনপির সমর্থক পরিচয় দিলেন। বললেন, ‘গণতান্ত্রিক সরকারের প্রধান দলীয় কার্যালয়ে আসবেন। একটু দেখতে আসলাম। উনাকে আগে কোনো দিন দেখিনি। বাড়িতে জিজ্ঞাসা করছে কোথায় যাই। বলেছি, একটু বাইরে। আসল কথাটা বলিনি।’

সড়কে নেতা–কর্মীদের ভিড় থাকায় নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে কোনোরকমে এক লাইনে গাড়ি চলাচল করতে পারছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।