বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি সফল করতে গণতন্ত্র মঞ্চের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মঙ্গলবার থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার বিকেলে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে এই আহ্বান জানানো হয়। গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা।

নেতারা অভিযোগ করেন, সরকার ও সরকারি দল তাদের নীলনকশার সাজানো নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। আগুন-সন্ত্রাসের মধ্য দিয়ে বিরোধী দলগুলোর আন্দোলন দমনের অজুহাত সৃষ্টি করেছে। সারা দেশে গ্রেপ্তার ও সন্ত্রাসের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। দখলদার এই সরকারের কোনো নীলনকশাই এবার আর তাদের রক্ষা করতে পারবে না বলে উল্লেখ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

অনতিবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা গণবিরোধী এই সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি জানান।