বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার আবার হাসপাতালে যাবেন। বিকেল পাঁচটায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এন জাহিদ হোসেনের বরাত দিয়ে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে গত ১৩ জুন গভীর রাতে অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে ১৭ জুন তিনি বাসায় ফেরেন।

শামসুদ্দিন দিদার জানান, বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের পরামর্শ নিয়েই আজ বিকেলে তাঁকে হাসপাতালে নেওয়া হবে।

এদিকে খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার পথে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

এর আগে গত ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচ দিন হাসপাতালে রেখে তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরে বাসভবনে ফেরেন তিনি।

গত বছরের জুন মাসে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন।

দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।